সখীপুরে স্বাস্থ্যকেন্দ্রের দেয়াল ঘেঁষে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে অনুমোদনহীন চারটি ইটভাটা রয়েছে। এর মধ্যে দুটি ভাটা বনের পাশে। একটির পাশেই ইউনিয়ন পরিবার ও স্বাস্থ্যকল্যাণকেন্দ্র। অপরটি ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে। ভাটা চারটিতে কাঠ পোড়ানো হচ্ছে।সরেজমিনে উপজেলার বেড়বাড়ি গ্রামে দেখা যায়, চারদিকে বোরো জমিতে চাষিরা কাজে ব্যস্ত। এর মধ্যেই এনএনবি নামের একটি ভাটায় চলছে ইট পোড়ানোর কাজ। ছয়-সাত মাস আগে বেড়বাড়ি গ্রামের নাজিম উদ্দিন, মাসুদ রানা, ইয়াকুব আলীসহ কয়েকজন মিলে ইটভাটাটি গড়ে তোলেন। ভাটার মালিক ইয়াকুব আলী দাবি করেন, ইটভাটার অনুমোদনের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে। অনুমোদন ছাড়া ইট পোড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘এভাবেই প্রতিটি ইটভাটা চলছে। তাই আমরাও চালাচ্ছি।’ এনএনবি ইটভাটার কয়েক শ গজ দূরে ডিপিএস ব্রিকস ফিল্ড নামে নতুন আরেকটি ইটভাটা আছে। এটির মালিক নাজিম উদ্দিন ওরফে ধলা মিয়া। তাঁর ইটভাটার অনুমোদন আছে বলে দাবি করেন নাজিম। কিন্তু কাঠ পোড়ানোর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। উপজেলার বহেড়াতৈল গ্রামে গিয়ে দেখা যায়, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার কার্যালয় থেকে কয়েক শ গজ দূরে পূবালী ও এসআরএফ নামে দুটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। অথচ বনের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা করার কোনো নিয়ম নেই।বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ইটভাটা দুটি বনাঞ্চলের কয়েক শ গজের মধ্যে অবস্থিত। এগুলোর অনুমোদন না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।পূবালী ইটভাটার সীমানা ঘেঁষেই রয়েছে বহেড়াতৈল ইউনিয়ন পরিবার ও স্বাস্থ্যকল্যাণকেন্দ্র। ভাটাটির মালিক আবদুর রহিম দাবি করেন, অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বলেন, ‘একসময় দরিদ্র লোকজন পরিবার কল্যাণকেন্দ্রে চিকিৎসা নিতে ভিড় করত। কিন্তু ওই কেন্দ্র ঘেঁষে ইটভাটা হওয়ায় এবং পরিবার কল্যাণকেন্দ্রে যাওয়ার একমাত্র রাস্তাটি ইটভাটার কাজে ব্যবহূত হওয়ায় রোগীরা এখন আর তেমন যায় না।’ মাস তিনেক আগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই ইটভাটার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছিলেন। নাম প্রকাশ না করার শর্তে পরিবার ও স্বাস্থ্যকল্যাণকেন্দ্রের এক কর্মচারী জানান, কেন্দ্রের দেয়াল ঘেঁষে ইটভাটা করা হয়েছে। এখানে চিকিৎসার কোনো পরিবেশ নেই। তাই রোগীরাও আর আগের মতো আসে না। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বিষয়টি উপজেলা পরিষদের সভায় উত্থাপন করা হয়েছে। অপরদিকে প্রশাসনের অনুমোদন না নিয়ে বনের পাশে ইটভাটা করা প্রসঙ্গে এসআরএফ ইটভাটার মালিক ফরিদ হোসেন বলেন, ‘আমার ইটভাটাটি আধুনিক। তাই পরিবেশের কোনো ক্ষতি হবে না।’ অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে বলে দাবি করেন তিনি। ইটভাটাগুলোর অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জিল্লুর রহমান। একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানোর সত্যতা নিশ্চিত করে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, সব কটি ভাটায় শিগগিরই অভিযান চালানো হবে।