সখীপুরে সৎভাইয়ের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে সৎভাইয়ের হামলায় আহত মজিবর রহমান (৫০) গতকাল মঙ্গলবার মারা গেছেন। এ ঘটনায় সখীপুর থানায় নিহত ব্যক্তির সৎভাই আবুবকর (৪৫), লুৎফর রহমান (৪০), ভাতিজা আবদুল আলীম (২৫) ও আলী হোসেনকে (২৪) আসামি করে হত্যা মামলা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মাছ ধরা নিয়ে সৎভাই মজিবর রহমানের সঙ্গে আবুবকরের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আবুবকর, তাঁর ভাতিজা আবদুল আলীম ও আলী হোসেন লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। হামলায় মজিবর রহমানের মাথায় আঘাত লাগে। তাঁকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মজিবর মারা যান। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।