সখীপুরে হামলায় বণিক সমিতির সম্পাদক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের বহেড়াতৈল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনকে (৩৫) সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে তাঁর চাচাতো ভাই নুরুল ইসলাম বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সবুরসহ সাতজনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন।

এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বহেড়াতৈল গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সবুর ও একই গ্রামের মফিজ উদ্দিনের মধ্যে কোরবানির পশুর চামড়ার টাকা বিতরণ নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার রাত নয়টায় বহেড়াতৈল বাজার থেকে বাড়ি ফেরার পথে খামারচালা এলাকায় সবুরের লোকজন মফিজের ওপর হামলা চালায়। এই সময় তারা দা, কুড়াল ও চাপাতি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। 

ঘটনার পর স্থানীয় লোকজন মফিজকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবিতে বণিক সমিতি ও স্থানীয় লোকজন শুক্রবার বহেড়াতৈল বাজারে মিছিল ও সমাবেশ করেছেন।

ইউপি সদস্য আবদুস সবুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাঁর ছোট ভাই আবদুল হালিম দাবি করেন, তাঁদের পরিবারের লোকজন হামলার ঘটনার সঙ্গে জড়িত নন। ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা দায়ে করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।