সখীপুরে ১০টি অবৈধ ঘর উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে হতেয়া মাওলানাপাড়া গ্রামে খাসজমিতে নির্মিত ১০টি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সখীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
হাতিবান্ধা ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্র জানায়, উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হতেয়া মাওলানাপাড়া মৌজার ১ নম্বর খতিয়ানের ১২৫২ নম্বর দাগের ৫০ শতাংশ সরকারি খাসজমি দখল করে ওই এলাকার মালেক মিয়া, জামাল মিয়া ও শাহজাহান মিয়া ১০টি ঘর নির্মাণ করেন। একটি মামলার পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের (ভূমি) আদালত বাড়িগুলো উচ্ছেদের নির্দেশ দেন।
উচ্ছেদ হওয়া শাহজাহান মিয়া দাবি করেন, ‘১০০ বছর ধরে ওই জমিতে আমার পূর্বপুরুষেরা বসতবাড়ি বানিয়ে বাস করছেন। ওই একই দাগের খাসজমিতে আরও বাড়িঘর থাকলেও শুধু আমাদের বাড়িই উচ্ছেদ করা হয়েছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা বলেন, ‘আদালতের আদেশে আমি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে খাসজমি দখলমুক্ত করেছি।’