সখীপুরে ১২ বস্তা চাল উদ্ধার, আ.লীগ নেতা পলাতক, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চাল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুটি বাড়ি থেকে চালগুলো উদ্ধার হয়।

অভিযানের খবর পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির স্থানীয় পরিবেশক (ডিলার) এস এম ইব্রাহীম হোসেন পালিয়ে যান। তিনি বহুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। তবে পুলিশ সংশ্লিষ্ট দুই বাড়ির মালিক মো. হাসেন মিয়া (২৭) ও ঠান্ডু মিয়াকে (৪৫) আটক করেছে। তাঁরা ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন। টাঙ্গাইল জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।

 ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সূত্রের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার রাতে চতলবাইদ গ্রামে অভিযান চালায় তারা। এ সময় হাসেন মিয়ার বাড়ি থেকে সাত বস্তা ও ঠান্ডু মিয়ার বাড়ি থেকে পাঁচ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল নিম্ন আয়ের মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ। ঘটনার সময় ডিলার ইব্রাহীম বাড়ি থেকে পালিয়ে যান।পরে ডিবি পুলিশ চাল মজুতে ব্যবহৃত দুই বাড়ির মালিককে আটক করে। তাঁরা ওই ডিলারের সহযোগী বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে।

বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ডিলার ইব্রাহীমের চাল বিক্রয়কেন্দ্র হচ্ছে ভাতকুড়া বাজার। আটক হওয়া হাসান ভাতকুড়া গ্রামের মো. দারোগ আলীর ও ঠান্ডু একই গ্রামের মৃত দাগু মিয়ার ছেলে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম বুধবার দুপুরে বলেন, 'খবর পেয়ে আমাদের কার্যালয়ের একজন পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি তদন্ত করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'