সখীপুরে ১৩ মৌজায় খাজনা আদায় বন্ধ, সমাধানে ভূমিমন্ত্রী
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১৩টি মৌজায় জরিপ ও নকশা তৈরিসহ জমিসংক্রান্ত সব কাজ শেষ হওয়ার পরও খাজনা আদায় হচ্ছে না। ১৯৯০ সালে বন বিভাগের পক্ষ থেকে এসব মৌজার বিভিন্ন জমিতে মালিকানা দাবি করে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হয়। এর পর থেকে এসব মৌজায় নামজারি ও খাজনা আদায়ের প্রক্রিয়া স্থগিত রয়েছে। এতে নিয়ম অনুযায়ী জমির নিবন্ধন করা যাচ্ছে না। জমি বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে জমির মালিকদের ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে কাজ সারতে হচ্ছে। খাজনা আদায় বন্ধ থাকায় সরকার প্রতিবছর কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এসব সমস্যার কথা শুনতে ও সমাধানের ব্যবস্থা নিতে ভূমিমন্ত্রী রেজাউল করিম আজ শনিবার সখীপুর আসছেন।মৌজাগুলো হচ্ছে সখীপুর, গড়গোবিন্দপুর, প্রতিমা বংকী, লাঙ্গুলিয়া, রতনপুর, হাতিবান্ধা, বেড়বাড়ি, হতেয়া, বাজাইল, তালেপাবাদ কালমেঘা, আটিয়া, দেওয়ানপুর ও চতলবাইদ। এসব মৌজায় মোট জমির পরিমাণ প্রায় ৩২ হাজার ৮৩০ একর। ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৯৭৬-৮৫ সময়ে দেশের অন্যান্য এলাকার সঙ্গে সখীপুর উপজেলার ১৩টি মৌজায় আরএস জরিপ শেষ হয়। এর মধ্যে নয়টি মৌজার জরিপ গেজেট আকারে প্রকাশিত হওয়ার পর জমি মালিককে নকশা ও পরচা দেওয়া হয়েছে। আটটি মৌজার ভলিউম স্থানীয় ভূমি অফিসে পাঠানো হয়। গজারিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ফজলুল হক জানান, ১৯৯০ সালে ১৩টি মৌজার খাজনা আদায়ের জন্য স্থানীয় ভূমি অফিসে একটি নির্দেশ আসে। ওই সময় বন বিভাগের আপত্তির কারণে খাজনা আদায় স্থগিত হয়। স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা যায়, এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্তকাজ বেশি দূর এগোতে পারেনি।এ ব্যাপারে প্রতিমা বংকী মৌজার ভুক্তভোগী আবুল কাশেম সিকদার বলেন, ‘আরএস রেকর্ড অনুযায়ী খাজনা আদায়ের আদেশ কার্যকর হলে আমাদের বসতভিটায় অধিকার প্রতিষ্ঠিত হবে। এলাকায় দালানকোঠা ও শিল্প-কারখানা গড়ে উঠবে।’উপজেলা ভাইস চেয়ারম্যান লিলি আক্তার বলেন, এ আদেশ বাস্তবায়ন হলে ভুক্তভোগীরা স্বস্তি ফিরে পাবে। এলাকার সার্বিক উন্নয়ন হবে। সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মজিবর রহমান বলেন, বন বিভাগের আপত্তির কারণে এসব মৌজায় খাজনা আদায় বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা চলছে। সরকারের নির্দেশ এলে অবশ্যই খাজনা আদায় করা হবে। স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান বলেন, ‘কাল (শনিবার) সখীপুরে ভূমিমন্ত্রী আসছেন। ভূমিসংক্রান্ত জটিলতার বিষয়ে মন্ত্রীকে জানানো হবে।’