সখীপুরে ১৭টি বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাজী আজহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত। এ কারণে ওই ভবনের পাশেই পাঠদান করছেন এক শিক্ষক l ছবি: প্রথম আলো
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাজী আজহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত। এ কারণে ওই ভবনের পাশেই পাঠদান করছেন এক শিক্ষক l ছবি: প্রথম আলো

দীর্ঘদিন সংস্কার না করায় টাঙ্গাইলের সখীপুরে ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এলজিইডি এসব বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করলেও কর্তৃপক্ষ এগুলো সংস্কারের উদ্যোগ নেয়নি। ফলে ওই সব ভবনে সাড়ে চার হাজার শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এসব বিদ্যালয় অনেক আগে প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে কিছুসংখ্যক বিদ্যালয়ের টিনশেড ও কিছু বিদ্যালয়ের পাকা ভবন রয়েছে। বিদ্যালয়গুলো হলো ঘেচুয়া, বগাপ্রতিমা, বেতুয়া, কৈয়ামধু, নিশ্চিন্তপুর, লাঙ্গুলিয়া, হতেয়া, ছোটমৌশা, ইছাদীঘির পাড়, চতলবাইদ, ভাতকুড়াচালা হাজি হাতেম আলী, বহেড়াতৈল, গজারিয়া, কালমেঘা উত্তরপাড়া, রাজাবাড়ি, ভূয়াইদ ভাতগড়া, হাজি আজাহার আলী ও দক্ষিণ ঘোনার চালা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা বিভিন্ন সময়ে এসব বিদ্যালয়ের ভবন পরিদর্শন করে এগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক জানান, ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বিদ্যালয়গুলোর তালিকা প্রস্তুত করে জরুরি ভিত্তিতে মেরামত করার প্রস্তাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের টিনশেড ভবনের চালের টিনের বিভিন্ন স্থানে মরিচা ধরে ফুটো হয়ে গেছে। ওই ফুটো দিয়ে সূর্যের আলো শ্রেণিকক্ষে এসে পড়ে। দরজা-জানালা ভাঙা। কোথাও মেঝে ফেটে গেছে, আবার কোথাও দেবে আছে।
প্রধান শিক্ষক লাইলি আক্তার বলেন, ‘শুনেছি, ওই টিনের ঘরটি কমপক্ষে ৬০ বছরের পুরোনো।’ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান বলে, ‘বৃষ্টি এলে টিনের ফুটো দিয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। তাই বৃষ্টি শুরু হলে বই ভিজে যাওয়ার ভয়ে আমরা বাড়ি চলে যাই।’
ইছাদীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দুটি পাকা ভবন। একটি জরাজীর্ণ ও আরেকটি মোটামুটি নতুন। নতুন ভবনে তিনটি কক্ষ। জরাজীর্ণ ভবনের এক পাশের দেয়াল ভেঙে গেছে। প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, ‘বিদ্যালয়টি দুই শিফটে চলে। প্রতি শিফটে কমপক্ষে তিনটি শ্রেণিকক্ষ দরকার। আছে মাত্র দুটি। তাই বাধ্য হয়ে পরিত্যক্ত ওই ভবনের একটি কক্ষেই ঝুঁকি নিয়ে ক্লাস করাতে হচ্ছে।’
এক সপ্তাহ আগে উপজেলার ইন্দারজানি গ্রামের হাজি আজাহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তিন কক্ষের ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে গেছে। এলাকাবাসীর উদ্যোগে সাময়িকভাবে ক্লাস চালানোর জন্য একটি টিনের ছাপরা দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হাসান জানায়, ছাপরাঘরে বেড়া না থাকায় বৃষ্টি হলে ক্লাস বন্ধ থাকে।
গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান আক্তার বলেন, বর্ষা মৌসুমে ভবনের ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। তাই বৃষ্টি এলে শিক্ষার্থীরা অফিসকক্ষে আশ্রয় নেয়। অন্যদিকে বিদ্যালয়ের আশপাশের এলাকার শিক্ষার্থীরা দৌড়ে বাড়ি চলে যায়।
সখীপুর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম বলেন, উপজেলার ১৭টি বিদ্যালয় ছাড়াও কমপক্ষে ২০ বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সখীপুর উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ প্রথম আলোকে বলেন, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে কিছু মেরামত এবং কিছু নতুন করে নির্মাণ করতে হবে। এগুলোর নির্মাণের ব্যয়ের প্রাক্কলন তৈরি করে এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।