টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ের পাঁচটি শ্রেণিতে এখনো ১ লাখ ৯১ হাজার ৬৮৩টি বই পৌঁছেনি।
ফলে বছরের শুরুতেই সখীপুরের ২৩০টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা ব্যাহত হচ্ছে। ১ জানুয়ারি বই উৎসবে সখীপুরে ২ লাখ ৬৫ হাজার ৫০৯টি বইয়ের চাহিদা থাকলেও সব বই সময়মতো না পৌঁছানোর কারণে ওই দিন মাত্র ৭৩ হাজার ৮২৬টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়।
সখীপুর প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলার সরকারি ও বেসরকারি ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচটি শ্রেণিতে ৪৫ হাজার ৯৮১ জন শিক্ষার্থীর জন্য অধিদপ্তরে ২ লাখ ৬৫ হাজার ৫০৯টি বইয়ের চাহিদা পাঠানো হয়েছে। উৎসবের আগে মাত্র ৭৩ হাজার ৮২৬টি বই সখীপুর এসে পৌঁছে। ওই দিন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শুধু ইংরেজি বই দেওয়া হয়।
এ ছাড়া চতুর্থ শ্রেণিতে শুধু বাংলা ও ইংরেজি, তৃতীয় শ্রেণিতে গণিত ও বাংলা, দ্বিতীয় ও প্রথম শ্রেণিতেও শুধু বাংলা ও ইংরেজি বই দেওয়া হয়। বছরের শুরুতে এক সপ্তাহ পার হলেও বেশির ভাগ বই শিক্ষার্থীদের হাতে না পৌঁছানোর কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে।
উপজেলার বিবর্তন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অলংকার আক্তার জানান, ‘সমাপনী পরীক্ষার বছর হওয়ায় বছরের শুরুতেই পড়াশোনায় জোর দেব বলে ভেবেছিলাম।
কিন্তু ইংরেজি বই ছাড়া আর কোনো বই না পাওয়ায় পড়াশোনায় মন দিতে পারছি না।’
চাম্বলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম জানান, বই না পাওয়ায় বাচ্চাদের ক্লাসে ধরে রাখা যাচ্ছে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক বেশির ভাগ বই এখনো শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি বলে স্বীকার করেন।
বইয়ের জন্য প্রতিদিনই মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছেন বলে দাবি করে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক মুঠোফোনে জানান, প্রেসে বই ছাপাতে দেরি করায় এখনো জেলার কয়েকটি উপজেলায় বইয়ের কিছু সংকট রয়েছে। শিগগিরই সমাধান হবে বলে আশা করছি।