সখীপুরে ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
টাঙ্গাইলের সখীপুরে ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্বে থাকায় ওই সব বিদ্যালয়ে পড়াশোনা ব্যাহত হচ্ছে। প্রশাসনিক কাজেও বাড়ছে জটিলতা। শিগগিরই ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেছেন সহকারী শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবকেরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় সূত্র জানায়, উপজেলায় বেসরকারি রেজি. থেকে সরকারিতে উন্নীত হওয়া ৬৬টিসহ ১৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এদের মধ্যে বর্তমানে ৩০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। চলতি বছরে আরও ১০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাচ্ছেন। ২০০৯ সালের পর থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি না হওয়ায় ওই ৩০টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের একজনকে দায়িত্ব দিয়ে ওই সব বিদ্যালয় চালানো হচ্ছে। উপজেলার কমপক্ষে ১০টি বিদ্যালয়ে মোট তিনজন করে শিক্ষক রয়েছেন। তাঁদের একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় বাকি দুজন সহকারী শিক্ষক দিয়েই ক্লাস চালানোর কারণে পড়াশোনা দারুণভাবে ব্যাহত হচ্ছে।
প্রধান শিক্ষক নেই এমন ৩০টি বিদ্যালয় হচ্ছে—হাজি ইন্নছনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিমাবংকী উত্তরপাড়া, পশ্চিম বোয়ালী, পাহাড়কাঞ্চণপুর, সাড়াশিয়া, কালমেঘা উত্তর, চাকদহ, হাতীবান্ধা টেকিপাড়া, হাতীবান্ধা, হতেয়া রাজাবাড়ি, কেরানীপাড়া, হতেয়া, দাড়িপাকা, ডাবাইল, জামালহাটকুড়া, কামালিয়াচালা, বড় হামিদপুর, নোহালীচালা, পশ্চিম কালিদাস, পানাউল্লাযাহপাড়া, বড়চালা, রহিমগঞ্জ, উত্তর গড়বাড়ি, কচুয়া নয়াপাড়া, হাসানগঞ্জ চকচকিয়া, তৈলধারা, ঘোনারচালা, বানিয়ারসিট এবং শিরীরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নোহালীচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন বলেন, মাসে কমপক্ষে ১০ কর্মদিবস উপজেলা শিক্ষা কার্যালয়ে অথবা কোনো সভায় যোগ দিতে সখীপুরে যেতে হয়। তখন ওই দুই শিক্ষক দিয়েই প্রাক্-প্রাথমিকসহ ছয়টি শ্রেণির শিক্ষার্থীর ক্লাস চালানো হয়। ফলে শিক্ষার্থীদের ভালোভাবে পড়ানো যায় না।
বড় হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৮১। সহকারী শিক্ষক ওসমান গণি প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ায় বাকি দুই শিক্ষক বিদ্যালয় চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ওই বিদ্যালয়ে আরও কমপক্ষে দুজন সহকারী শিক্ষকের প্রয়োজন।
জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক রওশনারা বেগম বলেন, প্রধান শিক্ষকসহ স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। একই সময়ে এক শিক্ষকের একাধিক ক্লাস নিতে গিয়ে কার্যত পড়াশোনাই হচ্ছে না।
সখীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার বলেন, সখীপুর উপজেলায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অনেকগুলো পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে করে শিশুদের পড়াশোনায় চরম ক্ষতি হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক উপজেলার ৩০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, তাদের একটি তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।