সখীপুরের ইউএনও-ওসি হাইকোর্টে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণ ডায়েরির (জিডি) পর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে টাঙ্গাইলের এক স্কুলছাত্রকে ভ্রাম্যমাণ আদালতের দুই বছর সাজা দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী হাকিম) ও সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাইকোর্টে হাজির হয়েছেন।

হাইকোর্টের তলবে আজ মঙ্গলবার সকালে ওই দুই কর্মকর্তা আদালতে হাজির হন। এ ছাড়া নবম শ্রেণির ওই ছাত্রও আজ আদালতে এসেছে।

ওই শিক্ষার্থীকে কীভাবে গ্রেপ্তার করা হলো এবং কিসের ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে, সে-সংক্রান্ত নথিপত্র নিয়ে ইউএনও এস এম রফিকুল ইসলাম ও ওসি মোহাম্মদ মাকসুদুল আলমকে আজ সকালে হাজির হতে ২০ সেপ্টেম্বর নির্দেশ দেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ ওই আদেশ দেন। একই সঙ্গে ওই ছাত্রকে জামিন দিয়ে তাকে তার বিদ্যালয়ের সনদ ও বয়সসংক্রান্ত তথ্যাদি নিয়ে আসতে বলেন আদালত। সে অনুযায়ী তিনজনই আজ হাইকোর্টে হাজির হয়েছেন।

‘বয় জেলড ফর এফবি কমেন্ট অ্যাবাউট এমপি’ শিরোনামে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন ছাপা হলে তা ২০ সেপ্টেম্বর আদালতে তুলে ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খান। শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন। রুলে সাজা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

আইনজীবী খুরশীদ আলম খান জানান, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ অনুপম শাহজাহানকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় একটি জিডি হয় বলে ওই প্রতিবেদনে এসেছে। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই শিক্ষার্থীকে দুই বছরের কারাদণ্ড দেন। আইন অনুসারে ভ্রাম্যমাণ আদালতের স্পটে অপরাধ সংঘটিত হতে হবে, এ ক্ষেত্রে তেমনটি হয়নি। জিডি হলে তদন্ত হবে। এ অবস্থায় এভাবে দণ্ড দেওয়া যায় না। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইন অনুসারে অপরাধ হলে সে জন্য মামলা করতে হবে। এই আইনের মামলা বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল আছে। স্কুলপড়ুয়া বলে ওই শিক্ষার্থী শিশুও হতে পারে। যদি তা হয়, তাহলে বিষয়টি যাবে শিশু আদালতে।