সখীপুরের ইউএনও-ওসিকে প্রত্যাহারে হাইকোর্টের নির্দেশ স্থগিত
টাঙ্গাইলের সখীপুর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঢাকা বিভাগের বাইরে অন্যত্র যুক্ত করতে (বদলি) হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তা স্থগিত করেছেন অবকাশকালীন চেম্বার বিচারপতি।
হাইকোর্টের এ-সংক্রান্ত আদেশ স্থগিত চেয়ে দুই কর্মকর্তার করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, চার সপ্তাহের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আবেদনকারীদের নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।
আদালতে ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। ওসি মোহাম্মদ মাকসুদুল আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম, সঙ্গে ছিলেন আইনজীবী মাহফুজুল আলম।
এর আগে হাইকোর্ট ১৮ অক্টোবর এক আদেশে সখীপুরের ইউএনও এবং ওসিকে সখীপুর থেকে প্রত্যাহার করতে নির্দেশ দেন। তাঁদের ঢাকা বিভাগের বাইরে অন্যত্র যুক্ত করতে ব্যবস্থা নিতে জনপ্রশাসনসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে ঢাকা বিভাগের বাইরে অন্যত্র যুক্ত করার আদেশ স্থগিত চেয়ে গত সপ্তাহে আবেদন করেন ওই দুই কর্মকর্তা। আজ শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন।
‘বয় জেইলড ফর এফবি কমেন্ট অ্যাবাউট এমপি’ শিরোনামে গত ২০ সেপ্টেম্বর দ্য ডেইলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ফেসবুকে টাঙ্গাইল-৮ আসনের সাংসদ অনুপম শাহজাহানকে ‘হুমকি’ দেওয়ায় টাঙ্গাইলের ভ্রাম্যমাণ আদালত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে সখীপুরের প্রতীমা বঙ্কি পাবলিক হাইস্কুলের ওই ছাত্রকে দুই বছরের কারাদণ্ড দেন। ফেসবুকে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এর আগে সাংসদের পক্ষে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। প্রতিবেদনটি নজরে আনা হলে ওই দিন হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন, ব্যাখ্যা জানাতে সখীপুরের ইউএনও ও ওসিকে হাইকোর্টে ২৭ সেপ্টেম্বর হাজির হতে নির্দেশ দেন। ওই দিন সখীপুরের ইউএনও ও ওসি হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তাঁদের বক্তব্য হলফনামা আকারে আদালতে দাখিল করেন। উচ্চ আদালতে এই শিক্ষার্থী বলে, ‘মারধরের চোটে স্বীকার করি, লিখেছি।’
পরে ওই স্কুল শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডের রায় আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে ওই শিক্ষার্থীকে উচ্চ আদালত খালাস করে দেন।