সখীপুরের ইউএনওকে প্রত্যাহারের দাবি
টাঙ্গাইলের জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিচার ও তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত এক সভায় গতকাল বৃহস্পতিবার এ দাবি জানানো হয়। প্রধান অতিথির ভাষণে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার জহুরুল হক বলেন, ২১ দিনের মধ্যে ইউএনওকে সখীপুর থেকে প্রত্যাহার করতে হবে।
মুক্তিযোদ্ধারা বলেন, গত সোমবার উপজেলার তক্তারচালা বাজারে হাতীবান্ধা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয় করার জন্য খাসজমিতে জহুরুল হক কয়েকটি খুঁটি স্থাপন করেন। এ খবর পেয়ে ইউএনও ওই দিন বিকেলে একদল পুলিশ পাঠিয়ে খুঁটিগুলো উপড়ে ফেলেন এবং জেলা কমান্ডার ইউএনও জহুরুলকে অশ্লীল ভাষায় গালাগাল করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস এম রফিকুল ইসলাম বলেন, কারও সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেননি।