সখীপুরের একমাত্র নারী মুক্তিযোদ্ধা এখন ঝাড়ুদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক হাজার ২০০ জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার মধ্যে একমাত্র নারী ফাতেমা খাতুন (৬০)। নিজের এক চিলতে জমিও নেই। মুক্তিযোদ্ধা ভাতা মাসে দুই হাজার টাকা ও সখীপুর পৌরসভায় মাস্টাররোলে ঝাড়ুদারের কাজ করে দুই হাজার টাকা মাইনে পান। অভাব-অনটনে থাকা ফাতেমা বর্তমানে নানা রোগে ভুগছেন। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না।২০০৭ সালের মার্চে ফাতেমাকে নিয়ে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হলে ওই সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাকে খাসজমি ও ঘর তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তী সময়ে তা বাস্তবায়ন করা হয়নি।উপজেলার বহেরাতৈল গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে ফাতেমা ১৯৭১ সালে কাদেরিয়া বাহিনীর প্রধান ঘাঁটি বহেরাতৈলে কর্মরত ছিলেন। ফাতেমা মুক্তিযোদ্ধাদের রান্না করে দিতেন, এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে গোলা-বারুদ পৌঁছে দিতেন, খবর আনা-নেওয়া করতেন এবং ক্যাম্পের গোলা-বারুদ ও অস্ত্র পাহারা দিতেন।ফাতেমা খাতুন বলেন, ‘স্বামী মোবারক হোসেন মানসিক প্রতিবন্ধী। দুই ছেলে ও তিন মেয়ের সবাই বিয়ে করেছে। এক ছেলে বিয়ে করে পৃথক সংসার করছে। আরেক ছেলে বেকার। সে স্ত্রীকে নিয়ে আমার সংসারেই আছে। এক মেয়ে পোশাক কারখানায় চাকরি করায় তার দুই ছেলেকে আমাকেই লালন-পালন করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘শরীরে শক্তি পাই না। সারা শরীর ও মাথায় ব্যথা। তার পরও প্রতিদিন সখীপুর পৌরসভার বিশাল কার্যালয় ঝাড়ু দিই। মাথা ও সারা শরীরে ঘা হয়েছে। টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারছি না।’ সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণি জানান, ফাতেমা দরিদ্র বলেই তাঁকে ভাতার ব্যবস্থা করা হয়েছে। কিছুদিন আগে স্থানীয় সাংসদ তাঁকে বনের জমিতে ঘর তোলার অনুমতি দিয়েছেন। সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার জানান, ‘ঘর করার জন্য ফাতেমাকে পরিষদ থেকে পাঁচ হাজার টাকা ও কয়েক বান্ডেল টিন দেওয়া হয়েছে।’