সখীপুরের সেই ইউএনওকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার তিনি দায়িত্ব হস্তান্তর করেন। তাঁকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসক মাহবুব হোসেন বলেন, গতকাল সখীপুরে এস এম রফিকুল ইসলামের শেষ দিন ছিল। সেখানে নতুন ইউএনও এসেছেন।
নতুন ইউএনও মৌসুমী সরকার রাখী বলেন, তিনি ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইলে যোগ দেন। গতকাল সখীপুরের দায়িত্বভার বুঝে নেন।
গত ১৮ সেপ্টেম্বর স্থানীয় সাংসদকে ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগে এস এম রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক স্কুলছাত্রকে মাদক আইনে দুই বছরের কারাদণ্ড দেন। ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ খবরটি ছাপা হলে বিষয়টি একজন আইনজীবী হাইকোর্টের নজরে আনেন। উভয় পক্ষের শুনানি শেষে ১৫ অক্টোবর হাইকোর্ট ওই ছাত্রের সাজা বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত ও রফিকুল ইসলামকে ঢাকা বিভাগের বাইরে প্রত্যাহারের আদেশ দেন। এর বিরুদ্ধে রফিকুল ইসলাম আপিল করলে চেম্বার জজ আদালত ২৬ অক্টোবর ওই আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেন। এর চার মাস পর গতকাল সোমবার রফিকুল ইসলামকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তিনি সখীপুরে ইউএনও হিসেবে ২০১৫ সালের ৮ আগস্ট যোগ দেন।
ইউএনও এস এম রফিকুল ইসলাম বলেন, ‘গত চার মাস আমাকে পুলিশ না দেওয়ায় আমি কোনো ভ্রাম্যমাণ আদালত করতে পারিনি। বিষয়টি একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করেছি।’