সখীপুরের ১৫ গ্রামে বিদ্যুৎ নেই এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ছয়টি ইউনিয়নের ১৫টি ও ময়মনসিংহের ভালুকা উপজেলার দুটি গ্রামে অন্তত এক মাস ধরে বিদ্যুৎ নেই। এর মধ্যে কোনো কোনো গ্রামে বিদ্যুৎ নেই প্রায় দুই মাস ধরে। এসব গ্রামের বিদ্যুতের ২২টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় প্রায় দুই হাজার গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন না। এতে লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছে। সখীপুর বিদ্যুৎ কার্যালয় ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে ওই ২২টি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এক থেকে দুই মাস ধরে ওই সব এলাকার বিদ্যুৎ গ্রাহকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। গ্রামগুলো হচ্ছে—সখীপুরের বানিয়ারসিট, সিলিমপুর, যোগীর কোপা, ছোট চওনা, মাচিয়া, বড় চওনা পশ্চিমপাড়া, টিকুরিয়াপাড়া, ভাতগড়া, ইন্দারজানী, ইছাদীঘি, আমতৈল, হতেয়া, নলুয়া, হাতিবান্ধা, আমগাছ চালা ও ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া, নয়ারচালা ও হিজলীপাড়া। সখীপুর বিদ্যুৎ কার্যালয়ের (আবাসিক) উপবিভাগীয় প্রকৌশলী আবদুল হালিম জানান, ট্রান্সফরমারগুলো পুরোনো হওয়ায় ঘন ঘন নষ্ট হয়ে পড়ছে। এক সপ্তাহের মধ্যে এগুলো সচল করা হবে বলে আশা করা যাচ্ছে। তবে তিনি দাবি করেন, উপজেলায় বিকল হওয়া ট্রান্সফরমারের সংখ্যা ১৬টি।