টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলা বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্যপদ স্থগিত হওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বাসাইল বিএনপির একপক্ষের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
ওই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আহমেদ আযম খানকে বাসাইল ও সখীপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। আজ শনিবার বিকেলে সখীপুরেও অনুরূপ প্রতিবাদ সমাবেশ ডেকেছেন বিএনপির একপক্ষের নেতারা।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো চিঠির সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য কাজী শহীদুল ইসলাম মুন্সী, সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীব ও সখীপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাছেদ সিকদারের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়। কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলামের ১৩ জুলাই সই করা প্রাথমিক সদস্যপদ স্থগিতের ওই চিঠি গত বৃহস্পতিবার রাতে বাসাইল-সখীপুরের নেতা–কর্মীদের হাতে পৌঁছালে বিএনপির একটি পক্ষের নেতারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে গতকাল বেলা ১১টায় বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুলের নেতৃত্বে শতাধিক নেতা–কর্মী বাসাইল পৌর শহরে মিছিল শেষে বাসস্ট্যান্ডে সমাবেশ করেন। ওই সমাবেশে আহমেদ আযম খানকে বাসাইল ও সখীপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম মাহমুদ, কাশিল ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, কাউলজানি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, ফুলকি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান প্রমুখ।
এ প্রসঙ্গে আহমেদ আযম খানের পক্ষের উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু কেন্দ্রে থেকে আসা ওই তিন নেতার প্রাথমিক সদস্যপদ স্থগিতের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
সদস্যপদ স্থগিত হওয়া সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীব বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আহমেদ আযম খান টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে তিনবার দলীয় মনোনয়ন পেয়ে ফেল করেছেন। কিছুদিন আগে আমি এ আসনে বিএনপির দলীয় মনোনয়নের জন্য প্রার্থিতা ঘোষণা দিলে তিনি ঈর্ষান্বিত হয়ে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে এ চিঠি পাঠিয়েছেন।’
এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল আহমেদ আযম খানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।