সঙ্গিনীর অভাবে উন্মত্ত ‘সাদ্দাম’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঙ্গিনীর অভাবে ‘পাগল’ (স্থানীয় ভাষায় ‘মোস্ত’) হয়ে যায় পোষা পুরুষ হাতি ‘সাদ্দাম’। প্রায় এক সপ্তাহ ধরে সে বনবাদাড়ে ঘুরে বেড়াচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান মেলে। গতকাল বুধবার সকালে জঙ্গলের লাগোয়া একটি সড়কে ‘সাদ্দাম’ অবস্থান করছিল। তাকে নিয়ন্ত্রণে আনতে মালিক জালাল উদ্দিন আহমদ (৪৫) সেখানে যান। কাছাকাছি পৌঁছালে ‘সাদ্দাম’ ছুটে এসে মালিককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। একপর্যায়ে পা দিয়ে চাপ দিতে থাকে। মালিকের চিৎকারে আশপাশের লোকজন দূর থেকে বল্লম ছুড়লে ‘সাদ্দাম’ অন্য দিকে সরে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে জালালের মৃত্যু ঘটে।মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কালামাটি এলাকায়। নিহত জালাল উদ্দিন আহমদের বাড়ি গোয়ালবাড়ী গ্রামে। তিনি ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।এদিকে নিহত জালালের লাশ বাড়িতে নিয়ে আসার পর ‘পাগলা’ হাতি ছুটে আসছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এ সময় লাশ দেখতে আসা স্থানীয় এড়ালিগুল গ্রামের হাছন খাঁ (৬০) হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। হাতিটিকে গুলি করার চেষ্টাকালে স্থানীয় নাসিরাবাদ কার্যালয়ের বন কর্মকর্তা (ফরেস্টার) মনিরুল ইসলাম (৩৫) আহত হন। তাঁকে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একপর্যায়ে গুলিবিদ্ধ হাতিটি জঙ্গলে গা-ঢাকা দেয়।জানা গেছে, জালাল উদ্দিনের পরিবার দীর্ঘদিন যাবৎ হাতিটি পুষছে। তারা হাতিটির নাম রাখে সাদ্দাম। হাতির মাহুত মটর মিয়া (৪০) জানান, ‘সাদ্দাম’ জুড়ী-১ রেঞ্জের পুটিছড়া সংরক্ষিত বনে বিচরণ করত। খাবারের অভাবে নয়, মূলত সঙ্গিনী না পেয়ে সে উন্মত্ত হয়ে পড়ে। মাঝেমধ্যে বন এলাকার লোকজনের বাড়িঘরে সে হামলা চালাত। মাহুত জানান, খুব ভোরে তিনি হাতিটিকে নিয়ে পুটিছড়া সংরক্ষিত বনে ছেড়ে দিতেন এবং আবার সন্ধ্যায় ফিরিয়ে নিয়ে আসতেন। কিন্তু এক সপ্তাহ যাবৎ হাতিটির ভিন্ন আচরণ লক্ষ করেন। পায়ে তারকাঁটাযুক্ত লোহার শেকল দিয়ে তাকে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে মালিক জালাল উদ্দিন আহমদসহ আরও কয়েকজন কালামাটি এলাকায় যান। সেখানে সড়কের পাশে হাতিটি দাঁড়ানো ছিল। জালাল কাছে যাওয়ার পরই সে উত্তেজিত হয়ে আক্রমণ চালায়। অন্যরা দৌড়ে আশপাশের বাড়িঘরে আশ্রয় নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিটি শিলুয়া চা-বাগানের কুচাই ফাঁড়ি এলাকায় ঢুকে পড়ে। এতে জুড়ী-লাঠিটিলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চা-শ্রমিকসহ পথচারীরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে। বেলা দুইটার দিকে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. দেলোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের ঘটনায় সাধারণত আমরা হাতিটিকে গভীর জঙ্গলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এ হাতির বেলায় কোনোভাবেই তা সম্ভব হচ্ছিল না। আর লোকজন ছিল খুব আতঙ্কিত। পরে আমরা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে হাতিটিকে মারার সিদ্ধান্ত নিই। কিন্তু সে চেষ্টা সফল হয়নি।’জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার জানান, হাতিটিকে মারতে বন বিভাগের লোকজন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দুই দফায় ৩৭ রাউন্ড গুলি চালায়। এর মধ্যে কয়েকটি গুলি হাতির শরীরের বিভিন্ন অংশে লাগে। এ অবস্থায় হাতিটি পাশের শামুকছড়া সংরক্ষিত বনে ঢুকে পড়ে।স্থানীয় গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য রাজকুমার পাল জানান, হাতিটি না মারা যাওয়ায় লোকজন আতঙ্কিত। কেউ বাড়ি থেকে বাইরে বেরোনোর সাহস পাচ্ছে না।