এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গত চার মাসে পার্বত্য চট্টগ্রাম এবং সমতল অঞ্চলে কমপক্ষে ১৮ জন আদিবাসী নারী ধর্ষণসহ বিভিন্ন যৌন সহিংসতার শিকার হয়েছেন। এ ঘটনাগুলোতে দেশব্যাপী তেমন কোনো আন্দোলন গড়ে ওঠেনি। তাই আদিবাসী নারীদের আন্দোলনকে মূলধারার নারী আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে।
গতকাল শনিবার ‘আদিবাসী নারীর অধিকার প্রতিষ্ঠায় ঐক্য ও সংহতি জোরদার করুন’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী পর্বের আলোচকেরা এসব কথা বলেন। বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও কাপেং ফাউন্ডেশন দুই দিনব্যাপী এ সম্মেলন ও কর্মশালার আয়োজন করে। রাজধানীর সিবিসিবি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে সারা দেশের ১২০ জন আদিবাসী নারী অংশ নিয়েছেন। এতে সহায়তা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফাম।
সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, এই চার মাসে যৌন নির্যাতনের ১৮টি ঘটনার মধ্যে দুজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নয়জন ধর্ষণের শিকার হয়েছেন এবং সাতজনকে ধর্ষণের চেষ্টা করা হয়। একজনকে অপহরণ করা হয়। ১৮টি ঘটনার মধ্যে ১৬টি ঘটনাই ঘটিয়েছে বাঙালিরা। দুটি ঘটনা নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটিয়েছেন।
সম্মেলনের উদ্বোধনী পর্বের প্রধান অতিথি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, আদিবাসী নারীদের সম-অধিকারের বিষয়টি বাদ দিয়ে মূলধারার নারী আন্দোলন শক্তিশালী হতে পারবে না। নারীর সার্বিক মানবাধিকার সংরক্ষণ করাও সম্ভব হবে না।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, জাতিসংঘের এক সভায় বলা হয়েছে, আদিবাসী নারীরা আদিবাসী, নারী, পাহাড় বনাঞ্চলে বসবাস, দরিদ্র এবং নিজস্ব এলাকা ছেড়ে শহরে এসে এই পাঁচটি স্তরে বৈষম্য ও নির্যাতনের শিকার হন।
সম্মেলনে আরও বক্তব্য দেন, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের আহ্বায়ক মিনু মারিয়া ম্রং, কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা, অক্সফামের প্রোগ্রাম ম্যানেজার এম বি আখতার প্রমুখ।