শাহজাহানপুর রেলওয়ে কলোনির অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা সচল করবে কে—রেলওয়ে, নাকি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)? এ প্রশ্নের কোনো মীমাংসা হচ্ছে না। নয় বছরের বেশি সময় অকার্যকর থাকলেও শাহজাহানপুর রেলওয়ে কলোনির ড্রেনেজ লাইন মেরামত করা হচ্ছে না। আধা ঘণ্টা বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে কলোনির পুরো এলাকা। দুর্ভোগে পড়ছে কলোনির প্রায় ৫০ হাজার বাসিন্দা।
রেলওয়ে বলছে, রেলওয়ের অনেক পুরোনো নর্দমা লাইনটি ডিএসসিসির প্রধান ড্রেনেজ লাইনের সঙ্গে যুক্ত। তাই সিটি করপোরেশনের পূর্ণ সহযোগিতা ছাড়া এটি সচল করা সম্ভব নয়। অন্যদিকে ডিএসসিসির প্রকৌশল বিভাগ থেকে বলা হচ্ছে, রেলওয়ের ড্রেনেজ লাইন সংস্কারের দায়িত্ব রেলওয়েরই।
এদিকে গত বছরের এপ্রিলে সিটি করপোরেশন নির্বাচনের আগে কলোনির ড্রেনেজ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হামিদুল হক। ওই কলোনিতে ১০ হাজারের বেশি ভোটার রয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে হামিদুল হক প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন রেলওয়ের ড্রেনেজ লাইন মেরামত করতে পারে না। তবে তিনি নিজে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করেছেন, যত দ্রুত সম্ভব ড্রেনেজ লাইন সচল করে কলোনিবাসীর দুর্ভোগ কমাতে। এমনকি বিষয়টি তিনি রেলমন্ত্রীর গোচরেও এনেছেন।
যোগাযোগ করা হলে বিভাগীয় রেলওয়ে প্রকৌশল বিভাগ ৩-এর দায়িত্বশীল একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত অক্টোবর থেকে এ বিষয়ে দরপত্র আহ্বানের কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা বারবার পিছিয়ে যাচ্ছে। তবে তাঁদের মধ্যে এমন আলোচনাও হয়েছে, সিটি করপোরেশনের প্রধান নর্দমা পাইপ কলোনির পাইপের সঙ্গে যুক্ত থাকায় নিয়মিত পরিষ্কার না করার ফলে লাইনটি অতীতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই করপোরেশনের এ বিষয়ে প্রধান ভূমিকা পালন করা উচিত।
এলাকায় গিয়ে দেখা যায়, দুদিন আগে হওয়া বৃষ্টির পানি জমে আছে কলোনির এখানে সেখানে। কোথাও কোথাও ড্রেনেজ লাইনের অস্তিত্বই বোঝা যাচ্ছে না। মাটিতে চাপা পড়ে গেছে। কলোনির বাসিন্দা আবদুল জব্বার, রহমত উল্লাহ, সাব্বির আহমেদসহ কয়েকজন বাসিন্দা ক্ষোভ জানিয়ে বলেন, শান্তিনগর, রাজারবাগ এলাকার জলাবদ্ধতা রোধ করতে প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। অথচ বৃষ্টি হলেই কলোনিতে হাঁটুর ওপরে পানি জমে যায়। সেদিকে কারোরই নজর নেই। রেলওয়ের কলোনিমুখী সব কটি নর্দমা বন্ধ হয়ে আছে। রেলওয়ের পক্ষ থেকে তাঁদের বলা হয়েছে, সেখানে রেলওয়ের নর্দমাগুলো সিটি করপোরেশনের প্রধান লাইনে যুক্ত। করপোরেশনের লাইন সংস্কার হলে কলোনির লাইনও পরিষ্কার হয়ে যাবে।