সচল হলো কোস্ট গার্ডের হ্যাক হওয়া সাইট

হ্যাক হওয়ার পর এখন সচল হয়েছে কোস্ট গার্ডের ওয়েবসাইট। কোস্ট গার্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কখন এটি হ্যাক হয়েছিল সে বিষয়ে তথ্য জানাতে পারেনি কোস্টগার্ড।
‘পাক সাইবার পাইরেটস’ নামের একটি হ্যাকার দল এই (http://www.coastguard.gov.bd/) সাইটটি হ্যাক করার দাবি করেছিল। সাইটে তারা তাদের নামের একটি ব্যানার সেঁটে দেয়। সাইট হ্যাক হওয়ার বিষয়টি টের পাওয়ার পরপরই তা উদ্ধারে কাজ শুরু করে কোস্ট গার্ডের বিশেষজ্ঞরা।

কোস্ট গার্ডের একজন কর্মকর্তা বলেন, সকাল সাড়ে আটটার দিকে সাইট হ্যাক হওয়ার বিষয়টি তারা টের পান। এর পরপরই তাঁরা সাইট উদ্ধারে কাজ শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে সাইট সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তাঁরা। এর আগে পৌনে নয়টা থেকে ১০টা পর্যন্ত মোবাইল ও ডেস্কটপ থেকে সাইটটি চালু পাওয়া যায়নি।
ওয়েবসাইটের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি দেখছে।