সচল হলো ময়ূরপঙ্খি
অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ময়ূরপঙ্খি সচল হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উড়োজাহাজটি দিয়ে ঢাকা-যশোর গন্তব্যে ফ্লাইট পরিচালনাও করা হয়েছে।
বিমানের পরিচালন সূত্র জানায়, উড়োজাহাজটির যে যন্ত্রাংশটি (নিউম্যাটিক বাল্ব) বিকল হয়েছিল, সেটি অনেক খোঁজাখুঁজি করে ব্যাংককে পাওয়া গেছে। যন্ত্রাংশটি গতকাল দুপুর সাড়ে ১২টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছায়। মিসর থেকে আসা ছয়জনসহ বাংলাদেশ বিমানের প্রকৌশলীরা মিলে দুই ঘণ্টার মধ্যে বেলা আড়াইটা নাগাদ যন্ত্রাংশ সংযোজন এবং উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী করেন। পরে বিকেল চারটার দিকে সেটি দিয়ে যশোর ফ্লাইট পরিচালনা করা হয়।
দীর্ঘদিন পর বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট আবার চালু করতে মিসর থেকে প্রতিটি ৭৪ আসনের দুটি উড়োজাহাজ পাঁচ বছরের জন্য ভাড়ায় আনা হয়। গত রোববার উড়োজাহাজ দুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উড়োজাহাজ দুটির নতুন নামকরণও করেন। একটির নাম ‘ময়ূরপঙ্খি’ আর অপরটির নাম দেওয়া হয় ‘মেঘদূত’।
পরদিন সোমবার সকালে ময়ূরপঙ্খি দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে উদ্বোধনী ফ্লাইট পরিচালনা করার কথা ছিল। কিন্তু যাত্রী নিয়ে উড়াল দেওয়ার আগমুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে বসে যায় উড়োজাহাজটি। পরে অপর উড়োজাহাজ মেঘদূত দিয়ে কক্সবাজার, সিলেট ও যশোর ফ্লাইট পরিচালনা করা হয়।
মিসরের স্মার্ট এভিয়েশন থেকে এই দুটি উড়োজাহাজ ভাড়া করার ক্ষেত্রে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। উড়োজাহাজ দুটি আনার জন্য গত ১২ মার্চ ঢাকা থেকে বিমানের কর্মীরা মিসরে যান। কথা ছিল, ১৭ মার্চ উড়োজাহাজ দুটি পৌঁছাবে। কিন্তু সেগুলো ঢাকায় পৌঁছায় ৪ এপ্রিল। এত দীর্ঘ সময় কেন লাগল, এ বিষয়ে বিমানের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিমান ঢাকা থেকে অভ্যন্তরীণ সাতটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।