সচল হয়নি মধ্যপাড়া কঠিন শিলাখনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনি ১৫ দিনেও সচল হয়নি। উপজেলা আওয়ামী লীগের নেতারা গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শ্রমিকনেতাদের নিয়ে খনি কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা বৈঠকে বসলেও বিকেল পাঁচটায় তা সিদ্ধান্ত ছাড়াই ভেঙে গেছে।
খনির প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন খনির মহাব্যবস্থাপক (অপারেশন) মীর আ. হান্নান, ব্যবস্থাপক সারোয়ার হামিদ, মহাব্যবস্থাপক (মার্কেটিং) ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রমিক উপদেষ্টা রেজাউল করিম, শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ।
এদিকে শ্রমিকেরা সকাল থেকেই খনির প্রধান ফটকে পাঁচ দফা দাবি মেনে নিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে খনির কর্মকর্তা-কর্মচারীরা বিকেল পাঁচটা পর্যন্ত অবরুদ্ধ থাকেন।
শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম জানান, খনির চাকরিচ্যুত পাঁচজন শ্রমিককে পুনর্বহাল, সরকারঘোষিত মহার্ঘ ভাতা প্রদান, স্থগিত করা ডিপ্লোমা পদে নিয়োগ-প্রক্রিয়া চালু, শ্রমিকদের স্থায়ী নিয়োগ ও অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালসহ পাঁচ দফা দাবিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন গত ২৫ নভেম্বর থেকে ধর্মঘট শুরু করে। এতে পাথর উত্তোলন বন্ধ থাকায় প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় ১০ লাখ টাকা। তিনি জানান, বৈঠকে কর্তৃপক্ষ চারটি দাবির বিষয়ে নমনীয় হলেও চাকরিচ্যুত পাঁচ শ্রমিকের ব্যাপারে খনির ব্যবস্থাপক ছাড়া সিদ্ধান্ত দিতে পারেনি।
খনির মহাব্যবস্থাপক (অপারেশন) মীর আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, আইনগতভাবে পেট্রোবাংলার অন্যান্য কোম্পানির শ্রমিকেরা মহার্ঘ ভাতা পেয়ে থাকলে তাঁদেরও দেওয়া হবে। তবে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ খনির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বেলারুশের নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন দুই হাজার ৫০০ টাকা বৃদ্ধির ব্যবস্থা করেছে। আগামী জানুয়ারি থেকে শ্রমিকদের ওই বর্ধিত বেতন কার্যকর করা হবে।
আবদুল হান্নান আরও বলেন, তবে বরখাস্ত হওয়া পাঁচ শ্রমিকের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ ব্যাপারে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালে শ্রমিকেরা সমঝোতা বৈঠক ত্যাগ করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।