সচিব এসে দেখলেন ৯ চিকিৎসক অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিদর্শনের কথা আগাম জানানোর পরও গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গিয়ে নয় চিকিৎসক ও আট সেবিকাকে পাননি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা। তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
জানা গেছে, বিমান কুমার সাহা দাপ্তরিক কাজে চট্টগ্রাম রয়েছেন। তাঁর সফরসূচিতে শনিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শনের বিষয়টি উল্লেখ রয়েছে। এই সফরসূচিতে জেনারেল হাসপাতালের সব চিকিৎসক সইও করেছেন।
কিন্তু গতকাল সকাল সাড়ে আটটায় হাসপাতাল পরিদর্শনে গিয়ে অতিরিক্ত সচিব দেখেন, নয় চিকিৎসক ও আট সেবিকা অনুপস্থিত। অথচ সকাল আটটা থেকে হাসপাতালে উপস্থিতি বাধ্যতামূলক।
হাসপাতাল পরিদর্শনের সময় অতিরিক্ত সচিবের সঙ্গে ছিলেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ও অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মো. মহসিন রেজা।
জানতে চাইলে সিভিল সার্জন আজিজুর রহমান বলেন, ‘সচিব স্যার (বিমান কুমার সাহা) আগাম জানানোর পরও জেনারেল হাসপাতালে নয় চিকিৎসক ও আট সেবিকাকে অনুপস্থিত পান। এ সময় তিনি খুব ক্ষুব্ধ হন। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ককে ওই চিকিৎসক, সেবিকাদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার অনুলিপি মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন।’
জানতে চাইলে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মুরশিদ আরা বেগম বলেন, ‘আমাদের কিছু কিছু চিকিৎসক হাজিরা খাতায় সই না করে যার যার ওয়ার্ডে চলে যান। স্যার এসে হাজিরা খাতায় তাঁদের সই পাননি। পরে তিনি ক্ষুব্ধ হন। তবে তিন চিকিৎসক অনুপস্থিত ছিলেন। চিকিৎসকদের আগেই আমি সচিব আসার বিষয়টি অবহিত করেছিলাম।’
অতিরিক্ত সচিব এরপর সকাল সাড়ে ১০টায় পটিয়া উপজেলার বড় উঠান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যান। সেখানে তিনি কেন্দ্রের চিকিৎসক এবং পরিবারকল্যাণ পরিদর্শককে অনুপস্থিত পান। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
এরপর বেলা ১০টা ৫০ মিনিটে অতিরিক্ত সচিব আনোয়ারা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে সব চিকিৎসকের উপস্থিতি দেখতে পান বলে জানা গেছে।
অতিরিক্ত সচিবের বরাত দিয়ে সিভিল সার্জন আজিজুর রহমান বলেন, ‘স্যার আনোয়ারার উপস্থিতি দেখে সন্তুষ্ট।’