আবদুল লতিফ সিদ্দিকীর অনুমোদনে ৭৫ লাখ টাকা ঋণ দেওয়ায় নিরীক্ষা আপত্তি
সচিব ও নারী উদ্যোক্তার জন্য মন্ত্রীর দরদ!
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠানের তহবিল থেকে গাড়ি-ফ্ল্যাট কেনা এবং ব্যবসা করার জন্য ঋণ েদওয়া হয়েছে৷ ঋণগ্রহীতা দুজন হলেন একই মন্ত্রণালয়ের সচিব এবং একজন নারী উদ্যোক্তা। ঋণ দেওয়ার জন্য সুপারিশ ও অনুমোদন দুটোই করেছেন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী৷ এমনকি নারী উদ্যোক্তাকে দেওয়া ঋণ মওকুফও করেছেন তিনি৷
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে আদমজী সন্স লিমিটেডের তহবিল থেকে চেকের মাধ্যমে ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছে৷ সরকারি নিরীক্ষা প্রতিবেদনে এই লেনদেনকে সরকারি অর্থ ব্যয় নীতিমালার পরিপন্থী হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এভাবে টাকা দেওয়ার কোনো বিধান নেই৷
আদমজী পাটকল বিলুপ্ত করার পর মতিঝিলে অবস্থিত এর তিনটি ভবন নিয়ে আদমজী সন্স প্রতিষ্ঠা করা হয়৷ সংস্থাটি ভবনগুলোর ভাড়া তুলে তা পাট খাতের উন্নয়নের জন্য ব্যয় করে৷ কোনো ব্যক্তি বা প্রিতষ্ঠানকে ঋণ দেওয়ার নিয়ম সংস্থাটির নেই৷
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের নিরীক্ষা প্রতিবেদন থেকে জানা যায়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন আদমজী সন্স লিমিটেডের তহবিল থেকে ২০১০ সালে প্রথম ঋণ নেন ওই মন্ত্রণালয়েরই সচিব আশরাফুল মকবুল৷ গাড়ি ও ফ্ল্যাট কেনার জন্য ঋণ হিসেবে এই টাকা তিনি নিয়েছেন তিন দফায় ২০১২ সাল পর্যন্ত৷ চুক্তির শর্তে মাসিক ২৫ হাজার কিস্তিতে ঋণ শোধ করার কথা ছিল। ফ্ল্যাটের দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র আদমজী সন্সে জমা দেওয়ার কথা ছিল৷ তিনি এসব শর্ত মানেননি৷ মন্ত্রীর পাশাপাশি তিনি নিজের ঋণে নিজেই অনুমোদন দিয়েছেন৷ আবার পদাধিকার বলে এই সচিব তখন আদমজী সন্সের প্রধান প্রশাসক ছিলেন৷
আশরাফুল মকবুল এখন জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্বে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। গতকাল মঙ্গলবার ফোনে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘মন্ত্রীর অনুমোদনের ভিত্তিতেই আমি ঋণটি নিয়েছি। দেড় লাখ টাকা শোধ করেছি৷ বাকি টাকা খুব শিগগির পরিশোধ করব৷’
এ বিষয়ে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, একজন সচিব এবং নারী উদ্যোক্তাকে আদমজী সন্স থেকে এভাবে ঋণ দেওয়া অনৈতিক কাজ। এটি একটি প্রশাসনিক ও আর্থিক অনিয়ম।
গত মাসে সরকারি নিরীক্ষায় দুটি ঋণের ব্যাপারেই আপত্তি জানানো হয়েছে। বলা হয়েছে, সচিব আশরাফুল মকবুল ও নারী উদ্যোক্তা আসমা খাতুন ওরফে মনিকে ঋণ দেওয়া সরকারের ব্যয় নীতির স্পষ্ট লঙ্ঘন৷ এই টাকা সুদে-আসলে পরিশোধ করতে হবে৷ আসমা খাতুন একজন বেসরকারি খাতের উদ্যোক্তা৷
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আশরাফুল মকবুলের নেওয়া ৫০ লাখ টাকা সুদে-আসলে ৬০ লাখ তিন হাজার ৩৯০ টাকা হয়েছে৷ আর আসমা খাতুন নিয়েছিলেন ২৫ লাখ টাকা৷ এখন সুদে-আসলে তাঁকে ৩২ লাখ ৮৯ হাজার ৫৫৫ টাকা পরিশোধ করার জন্য চিঠি দিয়েছে আদমজী সন্স। বারবার চেষ্টা করেও আসমা খাতুনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি৷ তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে৷
লতিফ সিদ্দিকী এখন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হলে তাঁকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ওই সময় চট্টগ্রাম সমিতিকে পানির দরে জমি দিয়ে তিনি সমালোচিত হয়েছিলেন। তাঁর স্ত্রী লায়লা সিদ্দিকী চট্টগ্রাম সমিতির সভাপতি৷ এ ছাড়া, সরকারি সুতাকল ও পাট করপোরেশনের জমিও তিনি দরপত্র ছাড়াই নামমাত্র দামে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে৷
বারবার চেষ্টা করেও লতিফ সিদ্দিকীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি৷ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গত রাতে জানান, মন্ত্রী জেনেভায় রয়েছেন৷
ঋণের আবেদনে যা ছিল: ২০১০ সালের ৩০ আগস্ট সচিব আশরাফুল মকবুল বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীর কাছে সাদা কাগজে ঋণের জন্য আবেদন করেন। এতে তিনি লেখেন, ‘৩১ বছরের সরকারি চাকরি শেষে আগামী বছর ডিসেম্বরে আমি অবসরে যাব। অবসর জীবনে পরিবারসহ ঢাকা শহরে বসবাসের জন্য সম্প্রতি একটি বেসরকারি আবাসন কোম্পানির ফ্ল্যাট কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু ভবিষ্য-তহবিল/যৎসামান্য সঞ্চয় ও সীমিত বেতন মিলিয়ে ফ্ল্যাটের মূল্য ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধ করা আমার পক্ষে কষ্টকর হয়ে পড়েছে। তাই ঋণের জন্য আমি আবেদন করেছি। প্রতি মাসে ২৫ হাজার টাকা করে এই ঋণ আমি পরিশোধ করব।’
ঋণ মওকুফ: আসমা খাতুনকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সব ধরনের আর্থিক ও প্রশাসনিক নিয়মই লঙ্ঘন করেছে। ২০১২ সালের ৬ মার্চ পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সূচিলীর মালিক আসমা খাতুন বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী বরাবর একটি আবেদন করেন। তাতে তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ভিআইপি অফিস জুট ব্যাগ সরবরাহ করার জন্য আমার অগ্রিম ১৫ লাখ টাকা প্রয়োজন। ব্যাগের মূল্য বাবদ ২৫ লাখ টাকা পাওয়ার পর আমি এই টাকা শোধ করব।’ পরে আরও ১০ লাখ টাকা ঋণের জন্য আবেদন করেন তিনি।
মন্ত্রী লতিফ সিদ্দিকী অনুমোদন দিলে দুটি চেকের মাধ্যমে আসমা খাতুনকে মোট ২৫ লাখ টাকা দেয় আদমজী সন্স। কিন্তু ওই টাকা শোধ না করে আসমা খাতুন বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে আরেকটি চিঠি দেন। তাতে তিনি লেখেন, ‘যেহেতু আদমজী সন্স থেকে দেওয়া ২৫ লাখ টাকা সরবরাহকৃত পণ্যের মূল্য তাই ওই চুক্তি বাতিল করে তা আমার সরবরাহকৃত পণ্যের মূল্য হিসেবে সমন্বয়ের আবেদন জানাচ্ছি।’ নিজেকে একজন করদাতা হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমার রিটার্ন দাখিলের জন্য ওই সমন্বয় জরুরি।’
গত বছরের ১৮ ডিসেম্বর লতিফ সিদ্দিকী আদমজী সন্সের প্রশাসক বরাবর দেওয়া এক নোটে বলেন, ‘মাননীয় মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সূচিলীকে দায়মুক্তি দেওয়ার স্বার্থে ঋণ চুক্তিটি বাতিল করে ওই অঙ্কের অর্থ আদমজী সন্স লি. এর অনুদান তহবিল থেকে সমন্বয় করা যেতে পারে।’
তবে গত ১২ মে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব (পাট) উৎপল কুমার দাস বকেয়া টাকা সুদে-আসলে ৩২ লাখ ৮৯ হাজার ৫৫৫ টাকা হয়েছে উল্লেখ করে ওই টাকা আসমা খাতুনকে পরিশোধের জন্য চিঠি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, আদমজী সন্স নিজস্ব অর্থ ঋণ দেওয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে পারে না। এটা সরকারি অর্থ নীতিমালার পরিপন্থী।