বেসরকারি ল্যান্ডফোন অপারেটর (পিএসটিএন) র্যাংকসটেলে প্রশাসক নিয়োগসংক্রান্ত হাইকোর্টের নির্দেশ পালন না করায় ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী চার সপ্তাহের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস ও বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদকে জানাতে বলা হয়েছে। র্যাংকসটেল লিমিটেডের পক্ষে আদালত অবমাননার অভিযোগে ১২ জুলাই করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয়। এ ছাড়া র্যাংকসটেল ও ন্যাশনাল টেলে প্রশাসক নিয়োগসংক্রান্ত হাইকোর্টের আদেশ পুনর্বিবেচনার জন্য বিটিআরসির করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।আদালতে র্যাংকসটেলের পক্ষে আইনজীবী রফিক-উল হক, আনিসুল হক ও সাখাওয়াত হোসেন এবং বিটিআরসির পক্ষে আইনজীবী রেজাই রাকিব মামলা পরিচালনা করেন। জানা যায়, লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে র্যাংকসটেলের করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ১১ মে হাইকোর্ট লাইসেন্স বাতিল বা বহালের বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে বিটিআরসিকে নির্দেশ দেন। লাইসেন্স বাতিল করা হলে ফোন কোম্পানিটিতে প্রশাসক নিয়োগ দিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়। র্যাংকসটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার নিষ্পত্তি কিংবা ছয় মাস যেটি দেরিতে হয়, সে সময় পর্যন্ত প্রশাসককে দায়িত্ব পালন করার নির্দেশও দেন আদালত। কিন্তু এ আদেশ প্রতিপালন না করায় আদালত অবমাননার মামলাটি করা হয়।