সচিব দেলোয়ারের স্বেচ্ছা অবসরের আবেদন
চাকরি থেকে স্বেচ্ছা-অবসরের আবেদন করলেন লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (পিএটিসি) রেক্টর সচিব দেলোয়ার হোসেন। তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ইলিয়াস হোসেন গতকাল সোমবার এ আবেদন সংস্থাপনসচিবের কাছে পৌঁছে দেন।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তিনি আগামী ১ ডিসেম্বর থেকে স্বেচ্ছা-অবসরে যাওয়ার জন্য আবেদন করেছেন। নিয়ম অনুযায়ী এ ধরনের অবসর নিতে এক মাস আগে সরকারকে নোটিশ দিতে হয়। জানতে চাইলে দেলোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত কারণে তিনি স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন। তিনি গত রোববার উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।অপর একটি সূত্র জানায়, সম্প্রতি ২১ জন সচিবের রদবদলের সময় দেলোয়ার হোসেনকে পিএটিসির রেক্টর পদ থেকে সরিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়। এতে তিনি ক্ষুব্ধ হন। কারণ ইতিপূর্বে তিনি ভূমিসচিবের দায়িত্ব পালন করে এখন ওই মন্ত্রণালয়ের অধীনের প্রতিষ্ঠানে চাকরি করা অবমাননাকর বলে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করেছেন। ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯(১) ধারা অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারীর চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে তিনি স্বেচ্ছায় অবসর নিতে পারবেন বা সরকার তাঁকে বাধ্যতামূলক অবসর দিতে পারবে। ১৯৮১ সালের ব্যাচের এই কর্মকর্তা তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশনের সচিব ছিলেন। বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক, ভূমি মন্ত্রণালয়ের সচিব এবং সর্বশেষ পিএটিসির রেক্টর ছিলেন। তিন অতিরিক্ত সচিবের দপ্তর বদল: জনপ্রশাসনে তিন অতিরিক্ত সচিবের পদে নিয়োগ-বদলি করা হয়েছে। গতকাল সোমবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি করা সরকারি আদেশে বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বক্কর সিদ্দিককে সংস্থাপন মন্ত্রণালয়ে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে হাফিজুর রহমানকে তথ্য মন্ত্রণালয়ে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসিত কুমার মুকুটমনিকে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।