দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) প্রশাসন শহীদুজ্জামান অবসরে যাওয়ার এক মাসের মধ্যেই নতুন ডিজি পেয়েছে সংস্থাটি। অথচ সংস্থার সচিব মাকসুদুল হাসান খানকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চেয়ারম্যান চিঠি পাঠানোর ৮৪ দিন পরও এ বিষয়ে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান গত ১১ মে সচিবকে প্রত্যাহারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠান। চিঠিতে সচিবের বিরুদ্ধে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভেদ তৈরি, কাজে উদাসীনতা, কমিশনের কাজে বিঘ্ন সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগ উল্লেখ করা হয়। চিঠিতে তাঁকে প্রত্যাহার করে এবং কমিশনের সঙ্গে আলোচনা করে নতুন একজন সচিবকে পদায়নের অনুরোধ করা হয়।
অথচ এত দিন পরও প্রত্যাহার করা হয়নি মাকসুদুল হাসান খানকে। নিয়োগ দেওয়া হয়নি নতুন সচিব।
এদিকে আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার (যুগ্ম সচিব) ফরিদ আহমেদ ভূঞাকে দুর্নীতি দমন কমিশনের ডিজি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তাঁর চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এদিন আলাদা আলাদা আদেশে জনপ্রশাসনের পাঁচ অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন ১৪ পদে রদবদল করেছে সরকার।
অতিরিক্ত সচিব পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্যকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত মো. নুরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ সংক্রান্ত প্রকল্পের প্রকল্প পরিচালক জাভেদ আহমেদকে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বজলুর রহমানকে ওএসডি করে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমানকে ওইপদে নিয়োগ দেওয়া হয়েছে।
যুগ্ম-সচিব পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত আবুল মনসুর মোহাম্মদ শারফ উদ্দিনকে ইলেকট্রনিক সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত পরিমল চন্দ্র দেবকে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের পরিচালক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল লতিফকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব, ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত মোহাম্মদ আব্দুল মান্নানকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. রমজান আলীকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সচিব (বেপজা) করা হয়। অপরদিকে বেপজার সচিব মো. শওকত নবীকে জাতীয় জাদুঘরের সচিব করা হয়।
ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ স ম মৈনুরকে ওএসডি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রণব কুমার নিয়োগীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।