সচিব পদে লোক মিলছে না, নিষ্ক্রিয় পুষ্টি পরিষদ
কার্যালয়ের সচিব পদে উপযুক্ত লোক না পাওয়ায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ নিষ্ক্রিয় হয়ে আছে। প্রায় নয় মাস আগে পরিষদ পুনর্গঠিত হলেও এখনো কোনো বৈঠক হয়নি। পুষ্টিবিষয়ক সর্বোচ্চ নীতিনির্ধারণী এই প্রতিষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশিষ্ট পুষ্টিবিদ অধ্যাপক এম কিউ কে তালুকদার বলেন, পরিষদের কার্যালয়ে সচিব পদে সার্বক্ষণিক লোক না থাকায় পরিষদ স্থবির হয়ে আছে। পুষ্টি বিষয়ে ১৭টি মন্ত্রণালয়ের সমন্বয়ের কাজ হচ্ছে না। কর্তৃত্ব নিয়ে কাজ করার কেউ নেই বলে স্থায়ী কোনো কার্যালয়ও নেই এই পরিষদের। পরিষদই ঠিকমতো চলছে না বলে পুষ্টি বিষয়ে অনেক নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, দৈনন্দিন কাজও ঠিকমতো হচ্ছে না।
মহাখালীর জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের নিচতলায় চারটি ছোট কক্ষে চলে জাতীয় পুষ্টি পরিষদের কাজ। গত সোমবার দুপুর ১২টায় ওই কার্যালয়ে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। একজন কর্মচারী বললেন, ১৬ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে অফিস চলে। সেদিন নয়জন উপস্থিত ছিলেন। একজন অতিরিক্ত সচিব পরিষদ কার্যালয়ের সচিবের দায়িত্বে আছেন। তিনি প্রধান কর্মকর্তা। এক মাস আগে সর্বশেষ এখানে এসেছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুভাষচন্দ্র সরকারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পুষ্টি পরিষদের সচিবের দায়িত্ব পালন করতে হচ্ছে। সোমবার তিনি প্রথম আলোকে বলেন, সচিবালয় চালানোর জন্য সার্বক্ষণিক লোক দরকার। সেই লোক খোঁজা হচ্ছে।
একাধিক পুষ্টিবিদ ও সরকারি পদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এই পদে উপযুক্ত লোক পাওয়া যাচ্ছে না। সদ্য অবসরে যাওয়া এক কর্মকর্তাকে মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি অন্য কাজের পাশাপাশি এই কাজ করতে চান।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গত বছরের ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে ৩৯ সদস্যের জাতীয় পুষ্টি পরিষদ ঘোষণা করে। নয়জন মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী এই পরিষদের সদস্য। তাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বা জ্যেষ্ঠ সচিব সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ আছে।
কার্যপরিধিতে ছয় মাস পরপর পরিষদের বৈঠক হতে হবে, এমন কথা বলা আছে। নির্ধারিত সময়ের মধ্যে বৈঠক না হওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বৈঠক ডাকলেই শুধু হবে না, বৈঠক কার্যকর হতে হবে। বৈঠকে বসার জন্য আমরা পুষ্টির কার্যপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) তৈরি করছি। এতে কোন মন্ত্রণালয়ের কী কাজ তার উল্লেখ থাকবে। অ্যাকশন প্ল্যান তৈরি হলেই পরিষদের বৈঠক ডাকা হবে।’
অধ্যাপক এম কিউ কে তালুকদার বলেন, পরিষদ সচিবালয় সক্রিয় হলে অ্যাকশন প্ল্যান তৈরিসহ অন্যান্য কাজ সহজ হতো। সচিবালয়কে সক্রিয় রাখতে হলে সার্বক্ষণিক সচিব নিয়োগ দিতে হবে।