সচিবকে ঘুষ দেওয়ার নামে টাকা উত্তোলন!
বেতনকাঠামো বাড়ানোর জন্য সচিবকে ঘুষ দেওয়ার কথা বলে রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে প্রধান শিক্ষকেরা টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ৭ মার্চ কয়েকজন শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে বলা হয়, উপজেলার হাবাসপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরহরিণডাঙ্গা বিদ্যালয়, কলিমোহর বিদ্যালয়, বাশআরা বিদ্যালয় ও হাটবনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকদের কাছ থেকে ১০০ করে টাকা নেন। প্রধান শিক্ষকদের কেউ কেউ সহকারী শিক্ষকদের বেতন স্কেল বাড়ানোর জন্য শিক্ষাসচিবকে ঘুষ দেওয়ার কথা বলে ওই টাকা নেন। কেউ কেউ সমাবেশ করার খরচ দেওয়ার কথা বলে টাকা নেন।অভিযোগের ব্যাপারে কলিমহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু দাউদ বলেন, এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি মহাসমাবেশের খরচ হিসেবে টাকা তোলা হয়েছে। কবে সমাবেশ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এই টাকা নেওয়া হয়েছে সমাবেশ-পূর্ব খরচ হিসেবে।’বাশআরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, বিভিন্ন অনুষ্ঠান করতে টাকা প্রয়োজন হয়। তাই টাকা তোলা হয়েছিল। সচিবকে ঘুষ দিয়ে টাকা তোলার অভিযোগ তিনি অস্বীকার করেন।পাংশা উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল হুদা জানান, সংগঠনের নির্বাচিত কমিটি রয়েছে। পদমর্যাদা ও বেতনকাঠামো বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন। এখানে কোনো ঘুষ দিতে হবে না। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাছির উদ্দিন আহমেদ বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করার জন্য তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলেছেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।