সচিবদের তথ্য আদান-প্রদানে ফেসবুক গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য শুধু সচিবদের জন্য ফেসবুকে একটি গ্রুপ খোলা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সচিব সভা থেকে এ নির্দেশ দেওয়া হয়।


সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইশতিয়াক আহমেদ এ তথ্য জানান।


এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রশাসনের সব কর্মকর্তার ফেসবুকে অন্তর্ভুক্ত হয়ে নিজেদের মধ্যে প্রশাসনসংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল।


সভায় প্রধানমন্ত্রী সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে যেসব নির্দেশনা দিচ্ছেন, সেগুলো দ্রুত ও ঠিকমতো বাস্তবায়নের জন্য তাগিদ এবং বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে।


মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয় থেকে আসা সারসংক্ষেপ সঠিকভাবে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।


সচিব সভায় ৬০ জন সচিব উপস্থিত ছিলেন। এর মধ্যে ১৬ জন সচিব বক্তব্য রাখেন । তাঁরা বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন।