বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ৪৭৪ কোটি টাকা আত্মসাতের মামলা থেকে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বিপিসির সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিকসহ ১১ জনকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ঋণ জালিয়াতি ও বন্ড সুবিধার অপব্যবহারের অভিযোগের বিষয়ে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করে গতকাল নোটিশ পাঠিয়েছে দুদক।
বিপিসির টাকা আত্মসাতের মামলা থেকে অব্যাহতি পাওয়া অপর ১০ জন হলেন বর্তমানে ওএসডি থাকা অতিরিক্ত সচিব ও বিপিসির সাবেক সচিব আনোয়ারুল করিম, বিপিসির সাবেক চেয়ারম্যান এ কে এম জাফরউল্লাহ (অবসরপ্রাপ্ত সচিব), সাবেক চেয়ারম্যান মুক্তাদির আলী, চট্টগ্রাম ওয়াসার সদস্য (অতিরিক্ত সচিব), বিপিসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়াল, মহাব্যবস্থাপক (হিসাব) গিয়াস উদ্দিন আনসারী, উপমহাব্যবস্থাপক (হিসাব) কাজী সহিদুর রহমান, উপমহাব্যবস্থাপক (অর্থ) মনিলাল দাস, উপব্যবস্থাপক (অর্থ) জাহাঙ্গীর হোসেন, উচ্চমান সহকারী (অর্থ) নুরুল ইসলাম এবং উপব্যবস্থাপক (হিসাব) জাকির হোসেন। এঁদের মধ্যে আবু বকর ও প্রথম চারজনের নাম তদন্তে এসেছে এবং বাকিরা এজাহারভুক্ত আসামি।
দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন বিকেলে সাংবাদিকদের বলেন, তদন্তে দালিলিক তথ্য-প্রমাণ না পাওয়ায় সচিবসহ অভিযুক্তদের অব্যাহতি দেওয়া হয়েছে। পুরো মামলাটি নথিভুক্ত করা হবে।
২০১৩ সালের ১৬ অক্টোবর চট্টগ্রাম বন্দর থানায় এ মামলা করা হয়। এজাহারে বলা হয়, ওশান লস (সমুদ্রে পরিবহনজনিত লোকসান) কমবেশি দেখিয়ে ২০০৯-১০, ২০১০-১১ এবং ২০১১-১২—এ তিন অর্থবছরে অভিযুক্ত ব্যক্তিরা ৪৭৪ কোটি টাকা বিল পরিশোধের মাধ্যমে আত্মসাৎ করেছেন।
আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান-এমডিকে নোটিশ: আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহেল বারী ও এমডি আফরোজা বারীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বিকেলে নোটিশ পাঠিয়েছেন দুদকের উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী। নোটিশে তাঁদের ১৭ সেপ্টেম্বর সকালে দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
দুদকের সূত্র জানায়, জাহাজ রপ্তানির নামে ঋণ জালিয়াতি ও বন্ড সুবিধার অপব্যবহার করে দেশের ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মোট এক হাজার ৬৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এ তথ্য বেরিয়ে আসে। দুদক ইতিমধ্যে এই ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে আনন্দ শিপইয়ার্ডের ঋণসংক্রান্ত নথি সংগ্রহ করেছে।