সচিবালয়ে ফ্রি ওয়াইফাই
বাংলাদেশ সরকারের সচিবালয়কে ফ্রি ওয়াইফাইয়ের আওতায় আনা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ইনফো সরকার স্টেজ টু-এর আওতায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, এর ফলে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সচিবালয়ে আসা অতিথি এবং সাংবাদিকেরাও ফ্রি ওয়াইফাই সুবিধা ভোগ করতে পারবেন। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমটিও নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী বছরের ৩০ জুনের মধ্যে সারা দেশে ১৮ হাজার ১৩০টি সরকারি দপ্তরকে হাইস্পিডের ফাইবার অপটিক লাইন দেওয়া হবে। এ ছাড়া ৮০০ সরকারি অফিসে ভিডিও কনফারেন্সিং সিস্টেম চালু করা হবে। পাশাপাশি ২৪ হাজার ৯৬০ জন কর্মকর্তাকে একটি করে ট্যাব দেওয়া হবে। এর ফলে তাঁরা ছুটিতে বা যেকোনো কাজে অফিসের বাইরে থাকলেও সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) নজরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যামসুন্দর সিকদার।