বাংলাদেশ সচিবালয়কে ফ্রি ওয়াইফাইয়ের আওতায় আনা হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীনে ইনফো সরকার পর্যায়-২ প্রকল্পের আওতায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল রোববার এই কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তিনি বলেন, এর ফলে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সচিবালয়ে আসা অতিথি এবং সাংবাদিকেরাও ফ্রি ওয়াইফাই সুবিধা ভোগ করতে পারবেন। প্রতিমন্ত্রী জানান, আগামী বছরের ৩০ জুনের মধ্যে সারা দেশে ১৮ হাজার ১৩০টি সরকারি দপ্তরকে হাইস্পিডের ফাইবার অপটিক লাইন দেওয়া হবে। এ ছাড়া ৮০০ সরকারি অফিসে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি ২৪ হাজার ৯০৭ জন কর্মকর্তাকে একটি করে ট্যাব দেওয়া হবে। এর ফলে তাঁরা ছুটিতে বা যেকোনো কাজে অফিসের বাইরে থাকলেও সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।