সচিবালয়ের আইন ডিগ্রিধারীদের নতুন অ্যাসোসিয়েশন
সচিবালয়ের আইন ডিগ্রিধারী কর্মকর্তারা ‘ল ডিগ্রিধারী অফিসার্স অ্যাসোসিয়েশন’ নামে নতুন একটি সংগঠন গঠন করেছেন। আজ সকালে সচিবালয়ে কর্মরত আইন ডিগ্রিধারী কর্মকর্তারা এক বৈঠকে মিলিত হয়ে এই সংগঠন গঠনের ঘোষণা দেন। তাঁরা কিছু দাবি আদায়ে উদ্যোগ নেওয়ারও সিদ্ধান্ত নিন।
ল ডিগ্রিধারী অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আবদুল খালেক বলেন, সচিবালয়ে কয়েক শ কর্মকর্তা আইন বিষয়ে ডিগ্রিধারী। কিন্তু সরকারি বিধিনিষেধ থাকায় তাঁরা বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এই বাধা দূর করতে অ্যাসোসিয়েশন সরকারের কাছে দাবি জানাবে।
এ ছাড়াও অ্যাসোসিয়েশন ল ডিগ্রিধারী কর্মকর্তাদের একটি বিশেষ বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাবে।
অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবদুল খালেককে আহ্বায়ক এবং আইন ও বিচার বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. ফজলুর রহমানকে সদস্যসচিব করে নবগঠিত সংগঠনটির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।