সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে সচিবালয়ে কর্মচারীদের দুটি সংগঠনের ডাকা বৈঠক স্থগিত করা হয়েছে। এর আগে সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।জানা গেছে, সরকারি আচরণবিধি লঙ্ঘন করে গতকাল অফিস চলার সময় এ বৈঠক ডাকা হয়। গতকাল বিকেল তিনটায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ক্যানটিনে বৈঠক ডাকে আরজ আলীর নেতৃত্বে গঠিত সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি। এ বৈঠকের জন্য আগের দিন চিঠিও বিলি করা হয়। এ সমিতির বৈঠকের কথা শুনে পাল্টা বৈঠক ডাকে নিজামুল হক ভুঁইয়ার নেতৃত্বে গঠিত সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ। পাল্টাপাল্টি এ বৈঠক নিয়ে সচিবালয়ে উত্তেজনা সৃষ্টি হলে দুপুর একটায় সচিবালয়ের নিরাপত্তার জন্য ৪ নম্বর ভবনের সামনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। পরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে হস্তক্ষেপ করলে দুটি বৈঠকই স্থগিত করা হয়। জানতে চাইলে সচিবালয়ে দায়িত্বরত অতিরিক্ত উপপুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, অফিস চলার সময়ে যেকোনো বৈঠকই আচরণবিধির লঙ্ঘন। তিনি বলেন, ‘আমার জানা মতে, বৈঠক স্থগিত করা হয়েছে।’ দাঙ্গা পুলিশ মোতায়েন বিষয়ে তিনি বলেন, সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।