সচিবালয়ে তদবিরের অভিযোগে তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিবালয়ে তদবির ও এতে সহযোগিতা করার অভিযোগে আজ মঙ্গলবার বিকেলে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন খাদ্য মন্ত্রণালয়ের মাইক্রোবাসের চালক নজরুল ইসলাম, ময়মনসিংহের খাদ্য বিভাগের উপসহকারী পরিদর্শক মীর ফারুক আহমেদ ও তাঁদের সহযোগী সেতু চন্দ্র ওরফে বাবলু।

পুলিশ জানায়, বিকেলে খাদ্য মন্ত্রণালয়ের গাড়িচালক নজরুল অবৈধভাবে ফারুক ও সেতুকে সচিবালয়ে ঢোকান। এরপর সেতু চন্দ্র অনুমতি ছাড়াই খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের দপ্তরে ঢুকে পড়েন। এ সময় সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সেতু চন্দ্রকে আটক করে। তাঁর তথ্যের ভিত্তিতে আটক করা হয় নজরুল ও মীর ফারুককে। পরে তাঁদের তিনজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, আটক মাইক্রোবাসের চালক নজরুল মন্ত্রণালয়ের মাধ্যমে খাদ্য বিভাগের এক গুদাম থেকে অন্য গুদামে কর্মী বদলি করে বাণিজ্য করে আসছেন। তাঁর মাধ্যমে সেতু চন্দ্র বিভিন্ন তদবির করতে সচিবালয়ে ঢোকেন। আর মীর ফারুক বদলি হতে আগ্রহী খাদ্য বিভাগের কর্মচারীদের নজরুলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। খাদ্যমন্ত্রীর নির্দেশে ওই তিনজনকে আটক করা হয়।