সচিবালয়ে প্রবেশের পাস জাল গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জাল পাস তৈরি ও বিক্রয়ের অভিযোগে আজাদ চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আজাদ নিজেকে পেট্রলপাম্প ব্যবসায়ী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন নেতা বলে পুলিশের কাছে দাবি করেন।সূত্র মতে, গতকাল সচিবালয়ের গেটে আজাদের কাছ থেকে ১০০ টাকায় একটি পাস কেনেন গণপূর্ত বিভাগের অফিস সহকারী বেলায়েত হোসেন। এ সময় সচিবালয়ের বিশেষ শাখার (এসবি) সদস্যরা তাঁদের দুজনকেই আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ করে বেলায়েত হোসেনকে ছেড়ে দেওয়া হয়। আটক করা আজাদকে নিরাপত্তা শাখার পুলিশ শাহবাগ থানায় সোপর্দ করে।সচিবালয়ের নিরাপত্তা শাখা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মেরিন সুলতানা সাংবাদিকদের জানান, জাল পাস বিক্রির সময় আজাদ চৌধুরীকে আটক করা হয়। তাঁর কাছে বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষরযুক্ত ১০টি পাস পাওয়া যায়। আজাদ তাঁদের জানান, যাত্রাবাড়ির চৌধুরী পাম্প ও চানখারপুলের পেট্রলপাম্পসহ তাঁর কয়েকটি পেট্রলপাম্প রয়েছে।