সচিবালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া
সচিবালয়ের নিজস্ব মেগা সাইরেন বাজছে। খবর পেয়ে দ্রুত উপস্থিত হয় ফায়ার সার্ভিসের একাধিক উদ্ধারকারী যানবাহন। তারা বিভিন্ন তলায় থাকা লোকজনকে দ্রুত সারিবদ্ধভাবে নিচে নেমে আসতে বলে। যাঁরা নেমে আসতে পারছেন না, তাঁদের বিভিন্ন থামের কাছে ও মাথার ওপর শক্ত কিছু দিয়ে ঢেকে বসে থাকতে পরামর্শ দেয়।
গতকাল রোববার বাংলাদেশ সচিবালয়ে এভাবেই অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয়-বিষয়ক এক মহড়া। ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগপ্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তত্ত্বাবধানে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বিভিন্ন তলায় আটকে পড়া লোকদের ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধার রাডার দিয়ে উদ্ধার করার বিষয়সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। মহড়া শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র হওয়ায় এখানকার কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকম্প থেকে উদ্ধারের পূর্বপ্রস্তুতি থাকা আবশ্যক।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।