অন্ধকার শক্তির বিরুদ্ধে কাজের ব্যাপক সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বর্তমানে যে সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটছে, যেভাবে ধর্মীয় সংখ্যালঘু ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীদের ওপর হামলা চলছে, এ রূপ সংকটমুহূর্তে অন্ধকার শক্তির বিরুদ্ধে কাজের ব্যাপক সুযোগ আছে।
শপথ গ্রহণের পরদিন আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। নতুন মন্ত্রীরা আজ সচিবালয়ে নিজ নিজ দপ্তর বুঝে নিচ্ছেন। তাঁদের মধ্যে আসাদুজ্জামান নূরসহ কেউ কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 
তোফায়েল আহমেদ (বাণিজ্য), মোহাম্মদ নাসিম (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ), রাশেদ খান মেনন (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন), হাসানুল হক ইনু (তথ্য), আনোয়ার হোসেন মঞ্জু (পরিবেশ ও বন), নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা), আনিসুল হক (আইন), আসাদুজ্জামান নূর (সংস্কৃতি), কামরুল ইসলামসহ (খাদ্য) অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী আজ সচিবালয়ে এসেছেন। 
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, তাঁর প্রথম চ্যালেঞ্জ চিকিত্সকদের কর্মস্থলে রাখা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এত উদ্যোগ নেওয়ার পরও চিকিত্সকেরা কেন কর্মস্থলে থাকেন না, সেটি তিনি খতিয়ে দেখবেন। এ ছাড়া অবরোধ কর্মসূচি প্রত্যাহার করায় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানান। 

আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। যেভাবেই হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করব।’
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জেলখানায় জাতীয় চার নেতা হত্যাকাণ্ড, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিচারের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার এই উদ্যোগের ধারাবাহিকতা থাকবে। নতুন করে শুরু করা সব কাজই চ্যালেঞ্জিং। তবে এ দায়িত্বটা (আইন মন্ত্রণালয়) খুবই গুরুদায়িত্ব। এটাও চ্যালেঞ্জিং।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত সভায় যোগ দেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ বোমাবাজি ও সহিংসতা বন্ধ করে শান্তি বজায় রাখা। এর যা যা করার, সরকার তা-ই করবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জননিরাপত্তাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ।
বর্তমান সময়কে চ্যালেঞ্জ মনে করেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘এর চেয়েও কঠিন সময়ে দায়িত্ব পালন করেছি।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার যে কাজটি চলছে, সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে।
বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আগামী পাঁচ বছরে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করাই হবে তাঁদের লক্ষ্য।
গতকাল রোববার ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়।