সচিবালয়ের দুটি ভবনে দুই ঘন্টার বিদ্যুৎ বিভ্রাট
সরকারি প্রশাসনের প্রাণকেন্দ্র-সচিবালয়ের দুটি ভবন গতকাল বুধবার দীর্ঘ দুই ঘন্টার বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছিল। সকাল ১০টা ৫৭ মিনিটে চার ও নয় নম্বর ভবনে এই বিভ্রাট শুরু হয়। এ সময় বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ দুপুর একটায় চালু হয়।
সচিবালয়ে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান-ডিপিডিসির নির্বাহী পরিচালক (পরিচালন) রমিজউদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁদের প্রকৌশলীরা গিয়ে দেখেন বিতরণ উপকেন্দ্রের ডিপিডিসির অংশে কোনো সমস্যা নেই। কিন্তু গণপূর্ত অধিদপ্তরের অংশ প্রায় পুড়ে যাওয়ায় বিতরণ বন্ধ হয়েছে।
সচিবালয়ের চার নম্বর ভবনে খাদ্য ও ত্রাণ, কৃষি, ভূমি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, তথ্য, আইন এবং নয় নম্বর ভবনে সচিবালয় ক্লিনিক ও তথ্য অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ের অবস্থান। দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটের কারণে এসব মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাই বাইরে বের হয়ে আসতে বাধ্য হন। যে সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও উর্ধতন কর্মকর্তারা বিভ্রাট শুরু হওয়ার আগে কার্যালয়ে যাননি, তাঁরা দুপুর একটায় বিদ্যুৎ বিতরণ শুরু না হওয়া পর্যন্ত বাইরেই ছিলেন।
সচিবালয়ের গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলী বলেন, বিতরণ উপকেন্দ্রের তাঁদের অংশটি অনেকদিন মেরামত ও পুনর্বাসন করা হয়নি। এরমধ্যে ভবন দুটিতে বিদ্যুতের ব্যবহারও অনেক বেড়েছে। সেই কারণেই সমস্যা দেখা দিয়েছে।
মন্ত্রণালয় সূত্র বলেন, ট্রান্সফরমার পোড়ার ঘটনা কমিয়ে আনার জন্য একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।