সচিবালয়ের নথিপত্রসহ মাইক্রো আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিবালয় থেকে মাইক্রোবাসে বিভিন্ন ধরনের নথিপত্র নিয়ে পালানোর সময় অর্থ মন্ত্রণালয়ের সাবেক এক গাড়িচালককে গ্রেপ্তার ও বাসটি আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
সচিবালয়ে দায়িত্বরত পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমান বলেন, গতকাল সচিবালয়ে একটি মাইক্রোবাসে অনেক ফাইলপত্র দেখে সাদাপোশাকের একজন সদস্যের সন্দেহ হয়। এ সময় মাইক্রোবাসটি দ্রুত সচিবালয় ত্যাগ করতে থাকে। ওয়্যারলেসের মাধ্যমে সচিবালয়ের ফটকে দায়িত্বরত ব্যক্তিদের মাইক্রোবাসটি আটকের নির্দেশ দেওয়া হয়। কিন্তু মাইক্রোবাসটি দ্রুত সচিবালয় থেকে বের হয়ে একটি রিকশাকে ধাক্কা দিয়ে চলে যেতে থাকে। পরে পুলিশ মোটরসাইকেলে ধাওয়া করে হাইকোর্টের সামনে মাইক্রোবাসটি আটক করে।
এডিসি বলেন, মাইক্রোবাসটিতে রেলওয়ে, ভূমি অধিগ্রহণ, পানিসম্পদ মন্ত্রণালয়ের নথিপত্রসহ বিভিন্ন সেতুর নকশাও পাওয়া যায়। সাবেক গাড়িচালক রুস্তম আলী হাওলাদারকে গ্রেপ্তার করা হয় এবং আরেকজনকে শাহবাগ থানায় পাঠানো হয় মামলা করার জন্য।
মশিউর রহমান বলেন, রুস্তম আলী পরিচয়পত্র নকল করে সচিবালয়ে প্রবেশ করেন। তিনি জানান, সচিবালয় থেকে আগেও নথিপত্র চুরির অভিযোগ আছে।