সচিবালয়ের ভেতরে ট্রাক চাপায় নিহত ১
সচিবালয়ের ভেতরের প্রাঙ্গণে আজ শুক্রবার বিকেলে ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে যাওয়া শ্রমিক আবুল কালাম সাংবাদিকদের জানান, তাঁরা পোস্তগোলা থেকে তিনটি ট্রাক ভাড়া করে সচিবালয়ের ভেতরে যান। দুইটি ট্রাকে মালামাল ওঠানো হয়। এরপর ট্রাক দুইটি চলে যায়। বাকি একটি ট্রাকে মালামাল উঠাচ্ছিলেন জাহাঙ্গীর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জাহাঙ্গীরের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর এলাকায়। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় থাকতেন। আজ বিকেল চারটার দিকে সচিবালয়ের পরিত্যক্ত কিছু মালামাল ট্রাকে তুলছিলেন জাহাঙ্গীর। তখন চালক ট্রাক চালানো শুরু করলে তা সামনের দিকে না গিয়ে পেছনে দিকে চলে যায়। এতে পেছনে থাকা জাহাঙ্গীর ট্রাক চাপায় গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ট্রাকের চালক পালিয়ে গেছেন। জাহাঙ্গীরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।