সচিবের অনিয়ম তদন্তে কর্মকর্তা নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক গণপূর্তসচিব ও বর্তমান প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দসংক্রান্ত অনিয়মের ঘটনা তদন্তে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা হিসেবে দুদকের উপপরিচালক যতন কুমার রায়কে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত মঙ্গলবার সচিবকে আসামি করে রাজউকের প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের দায়ে তিনটি পৃথক মামলা করা হয়। রাজধানীর মতিঝিল থানায় দুদকের অনুসন্ধান কর্মকর্তা যতন কুমার রায় বাদী হয়ে মামলাগুলো করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, খন্দকার শওকত হোসেন ২০০১ সালে সম্প্রসারিত উত্তরা প্রকল্পে নিজের নামে তিন কাঠার প্লট বরাদ্দ নেন। অনিয়মের মাধ্যমে তিনি তিন কাঠা জমিকে পাঁচ কাঠায় উন্নীত করেন। সেখান থেকে দুই কাঠা জমি তিনি বিক্রি করে দেন। কিন্তু পরে ওই জমি ডেভেলপারকে দেওয়ার সময় পুরো পাঁচ কাঠার আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) দেন সাবেক এ সচিব।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, একইভাবে পূর্বাচল প্রকল্পে ২০০৪ সালে শওকত হোসেন তাঁর স্ত্রী আয়েশা খানমের নামে সাড়ে সাত কাঠার প্লট বরাদ্দ নিয়ে প্রথমে ১০ কাঠা এবং পরে ওই জমি সাড়ে ১২ কাঠায় উন্নীত করেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা আবাসিক প্রকল্পে অভিনব কায়দায় জালিয়াতি করে তিনি তাঁর মায়ের নামে নিয়েছেন তিন কাঠার প্লট। একই পন্থায় ওই তিন কাঠার প্লটকে আয়তনে বাড়িয়ে পাঁচ কাঠায় উন্নীত করেন তিনি।