সচিবালয়ে সমাজকল্যাণ সচিবের কক্ষ থেকে সুগন্ধি চুরির ঘটনায় গতকাল বুধবার সচিবালয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় সন্দেহ করে দায়িত্বরত পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করায় সচিবালয়ের অন্য জায়গায় দায়িত্বরত পরিচ্ছন্নতাকর্মীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামনে প্রতিবাদ জানান৷ তবে এ সময় সচিব কক্ষে ছিলেন না৷
সচিবালয়ে দায়িত্বরত পুলিশ জানিয়েছে, সমাজকল্যাণ সচিব নাছিমা বেগম সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে নিজ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য সুগন্ধি নিয়ে আসেন৷ কিন্তু গতকাল একটি সুগন্ধি হারিয়ে যায়। এ ঘটনায় সচিবের গানম্যান একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন এমএলএসএসকে (পিয়ন) মারধর করেন। এ ঘটনা জানার পর অন্য পরিচ্ছন্নতাকর্মীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এসে প্রতিবাদ জানান। তবে সঙ্গে সঙ্গে পুলিশ এসে পরিচ্ছন্নতাকর্মীদের সরিয়ে দেন।
সচিবালয়ে দায়িত্বরত পুলিশের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন ‘একেবারেই ছোট একটি ঘটনা। খবর শুনেই সেখানে গিয়ে তাদের সরিয়ে দিই।’