বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সচিবের গাড়ি গতকাল রোববার আটকে দিয়েছেন প্রতিষ্ঠানের সিবিএ নেতারা। এর ফলে সচিব গতকাল দুপুরের পর আর কার্যালয়ে ফিরতে পারেননি। কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্যে সব সিবিএ ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে ২২ জুলাই ‘বিএমডিএর কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠন গঠন করা হয়েছে। ওই পরিষদের দাবি অনুযায়ী, শুরু থেকে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত পদোন্নতি পেয়েছেন। ‘টাইম স্কেল ও সিলেকশন গ্রেড’ পেয়েছেন। গৃহনির্মাণ ঋণ পেয়েছেন। কিন্তু চার বছর ধরে তাঁদের কারও পদোন্নতি হয়নি। কেউ টাইম স্কেল বা সিলেকশন গ্রেড এমনকি গৃহনির্মাণ ঋণও পাননি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সচিব দেওয়ান মো. আবদুস সামাদ তাঁর গাড়িতে করে গতকাল দুপুরে বাসায় খেতে যান। কিন্তু তাঁকে আনতে আর গাড়ি যায়নি। এর ফলে তিনিও আর কার্যালয়ে ফিরতে পারেননি।
এ বিষয়ে সচিব বলেন, বিএমডিএ কোনোমতেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নয়। প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। প্রকল্প শেষ, তাঁদের চাকরিও শেষ। যাঁরা চুক্তিভিত্তিক নিয়োগ পান, তাঁরা কখনোই সরকারের জাতীয় স্কেলে বেতন পান না। এত দিন তাঁরা যেসব সুযোগ-সুবিধা পেয়েছেন, তা তাঁরা অবৈধভাবে নিয়েছেন। তিনি দুর্নীতি দমন কমিশনের সঙ্গে আলাপ করেছেন। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হতে পারে।
ঐক্য পরিষদের সদস্যসচিব হাসানুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে চলে। সরকার থেকে কোনো পয়সা নেওয়া হয় না। সচিব প্রয়োজনে বিধি তৈরি করে তাঁদের সুযোগ-সুবিধা দেবেন। তা না হলে তাঁরা চলে যাবেন। সচিবের গাড়ি বন্ধ করে দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।