স্থানীয় সরকার বিভাগের নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক গোলাম রাব্বানীকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সচিব আবু আলম মো. শহিদ খান আগামীকাল ১৬ জানুয়ারি অবসর-উত্তর ছুটিতে যাচ্ছেন।
তবে বর্তমান সচিব আবু আলমকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
প্রধানমন্ত্রীকে পাঠানো আনুষ্ঠানিক এক চিঠিতে স্থানীয় সরকারমন্ত্রী জানান, আবু আলম মো. শহিদ খান এ মন্ত্রণালয়ে যোগদানের পর থেকেই সরকারের নির্বাচনী ইশতেহারের লক্ষ্য অর্জনে উদ্যোগ গ্রহণ করেছেন। গ্রামীণ উন্নয়নের পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকেও শক্তিশালী করেছেন তিনি। উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত চমত্কার।
সৈয়দ আশরাফ জানান, তাঁর মন্ত্রণালয়ের সচিব আবু আলম একজন সত্, দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তা। চাকরি জীবনে তিনি বঞ্চনার শিকার হয়েছেন। দেশের গ্রামের অবকাঠামোর উন্নয়ন, নগর উন্নয়ন ও স্থানীয় সরকার-ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া প্রয়োজন। এজন্য তাঁকে এক বছর চুক্তিভিত্তিক নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে স্থানীয় সরকার বিভাগে পদায়নের অনুরোধ জানানো হয়েছে।