সচিবের জামিন আবেদন শুনানিতে অপারগতা হাইকোর্ট বেঞ্চের
পৃথক তিনটি দুর্নীতির মামলায় প্রবাসীকল্যাণ সচিব খন্দকার শওকত হোসেনের আগাম জামিন আবেদনের শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
আজ মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদন শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করেন।
গত রোববার পৃথক তিন মামলায় প্রবাসীকল্যাণ সচিব হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। আজ আবেদন তালিকায় ছিল।
সচিবের পক্ষে আইনজীবী ছিলেন শেখ গোলাম হাফিজ। পরে তিনি প্রথম আলোকে বলেন, তিন মামলায় প্রবাসীকল্যাণ সচিব খন্দকার শওকত হোসেনের তিন জামিন আবেদন ছিল। শুনানি শুরু হওয়ার আগে আদালত আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেন। পরে আবেদন ফিরিয়ে নেওয়া হয়েছে।
মা, স্ত্রী ও নিজের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সচিব শওকত হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর মতিঝিল থানায় দুদকের অনুসন্ধান কর্মকর্তা যতন কুমার রায় বাদী হয়ে তিনটি পৃথক মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, খন্দকার শওকত হোসেন ২০০১ সালে সম্প্রসারিত উত্তরা প্রকল্পে নিজের নামে তিন কাঠার প্লট বরাদ্দ নেন। অনিয়মের মাধ্যমে তিনি তিন কাঠা জমিকে পাঁচ কাঠায় উন্নীত করেন। সেখান থেকে দুই কাঠা জমি তিনি বিক্রি করে দেন। কিন্তু পরে ওই জমি ডেভেলপারকে দেওয়ার সময় পুরো পাঁচ কাঠার আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) দেন সাবেক এ সচিব।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, একইভাবে পূর্বাচল প্রকল্পে ২০০৪ সালে শওকত হোসেন তাঁর স্ত্রী আয়েশা খানমের নামে সাড়ে সাত কাঠার প্লট বরাদ্দ নিয়ে প্রথমে ১০ কাঠা এবং পরে ওই জমি সাড়ে ১২ কাঠায় উন্নীত করেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা আবাসিক প্রকল্পে অভিনব কায়দায় জালিয়াতি করে তিনি তাঁর মায়ের নামে নিয়েছেন তিন কাঠার প্লট। একই পন্থায় ওই তিন কাঠার প্লটকে আয়তনে বাড়িয়ে পাঁচ কাঠায় উন্নীত করেন তিনি।
দুদকের উপপরিচালক যতন কুমার রায়ের এ অনুসন্ধান তদারকি করেন যথাক্রমে দুদকের পরিচালক আবু তোরাব ও মহাপরিচালক মো. জিয়াউদ্দিন।