সচিবের দায়িত্বে ৪ জন, অপর ৪ সচিবকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার
সরকার

চার অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে অপর চার সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কে এম আলী আজম।

আজ বুধবার এ বিষয়ে পৃথক আদেশ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিবুল হককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদারকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আকরাম আল হোসেনকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে। 


অন্যদিকে সচিব পদমর্যাদায় কর্মরত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু মো. রাহমাতুল্লা মুনিমকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব এস এম গোলাম ফারুককে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, সমাজকল্যাণসচিব মো. জিল্লার রহমানকে কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।