সচিবের বিরুদ্ধে অভিযোগে সাক্ষ্য দিলেন রাজউকের সাবেক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত সচিব খন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হককে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৯৯৭ থেকে ২০০১ পর্যন্ত তিনি রাজউকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আর শওকত হোসেন বর্তমানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব।

আজ বুধবার বেলা সোয়া ১১টা থেকে সোয়া একটা পর্যন্ত দুদক কার্যালয়ের উপপরিচালক যতন কুমার রায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। উপপরিচালক জানান, সাক্ষ্য দেওয়ার জন্য আজিজুল হককে ডাকা হয়েছে।

অভিযোগ ছিল, শওকত হোসেন সম্প্রসারিত উত্তরা প্রকল্পে ২০০১ সালে নিজের নামে তিন কাঠার প্লট বরাদ্দ নিয়ে সেটাকে জালিয়াতির মাধ্যমে পাঁচ কাঠায় রূপান্তর করেন। ওই জমি থেকে দুই কাঠা বিক্রি করেন। এরপর ডেভেলপমেন্টের জন্য পুরো পাঁচ কাঠারই আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) প্রদান করেন। ২০০৪ সালে স্ত্রী আয়েশা খানমের নামে পূর্বাচল প্রকল্পে সাড়ে সাত কাঠার প্লট বরাদ্দ নিয়ে সেটাকে প্রথমে ১০ কাঠা পরে সাড়ে ১২ কাঠায় উন্নীত করেন। রাজউকের উত্তরা আবাসিক প্রকল্পেও মায়ের নামে বরাদ্দ পান তিন কাঠা প্লট। একই পদ্ধতিতে তিনি তিন কাঠার প্লটকে পাঁচ কাঠায় উন্নীত করেন।

দুদক সূত্র জানায়, ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।