সচিবের বিরুদ্ধে অভিযোগের তথ্য সংগ্রহের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইয়ুব খান
আইয়ুব খান

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁকে ওই মুক্তিযোদ্ধার লিখে যাওয়া সুইসাইড নোটসহ (চিরকুট) ঘটনার আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ বৃহস্পতিবার দুপুরের পর প্রথম আলোকে এ কথা জানান।
গত মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে হোটেল কর্ণফুলীর একটি কক্ষ থেকে মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।
হোটেলের ওই কক্ষ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়। এতে লেখা রয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান ‘গলাধাক্কা দিয়ে অপমান করে বের করে দেওয়ায় আমি আত্মহত্যা করলাম।’ পুলিশ ধারণা করছে, কীটনাশক পান করে আইয়ুব আত্মহত্যা করেন।
ঘটনার দিন রাতে আইয়ুব খানের মামাতো ভাই ব্যবসায়ী আমির হোসেন শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান গতকাল বুধবার প্রথম আলোর কাছে দাবি করেন, মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে তিনি চেনেন না। তাঁর কাছ থেকে টাকা নেওয়া ও তাঁকে অপমান করার যে অভিযোগ করা হচ্ছে, এর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।
আইয়ুবের আত্মহত্যায় সচিব হান্নানের প্ররোচনার অভিযোগের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, যে অভিযোগ উঠেছে, তা ফৌজদারি অপরাধ। অভিযোগ তদন্তের জন্য বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন তথ্য প্রয়োজন। পূর্ণাঙ্গ সুইসাইড নোট সংগ্রহ করা প্রয়োজন। এ জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে আত্মহত্যার আগে আইয়ুব খানের লিখে যাওয়া চিঠির বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও হোটেল কর্ণফুলীর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, হোটেল কক্ষ থেকে উদ্ধার হওয়া আইয়ুবের কাগজপত্রের সঙ্গে তাঁর লেখা চিঠির মিল রয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত হতে এই চিঠিটি সিআইডির হস্তলিপি বিশারদের কাছে নিরীক্ষা করানো হবে। চিঠির বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও হোটেল কর্ণফুলীর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হবে।

মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।